NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

রণবীরের রামায়ণে সুর দিচ্ছেন ২ অস্কারজয়ী সুরকার


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৪, ০২:২১ পিএম

রণবীরের রামায়ণে সুর দিচ্ছেন ২ অস্কারজয়ী সুরকার

২০১৬ সালে আমির খানের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘দঙ্গল’ দিয়েই নিজের জাত চিনিয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি। পরিচালনায় মুনশিয়ানা দেখিয়ে জায়গা করে নিয়েছেন বলিউডের শীর্ষস্থানীয় নির্মাতাদের তালিকায়। এরপর প্রয়াত সুশান্ত সি রাজপুত ও শ্রদ্ধা কাপুরের ‘ছিচোড়ে’ দিয়ে ফের ম্যাজিক দেখান এই পরিচালক। একের পর এক সাফল্যের সঙ্গে তাঁর স্বপ্নের প্রজেক্ট ‘রামায়ণ’ নির্মাণের জন্য নিজেকে তৈরি করছেন ধীরে ধীরে।

 

ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের কাছে ব্যাপক আলোচনায় ‘রামায়ণ।’ সিনেমাটির কলাকুশলী নিয়ে বিস্তর জল্পনাকল্পনা চলছে। এবার শোনা যাচ্ছে আরো এক দুর্দান্ত সংবাদ। রামায়ণে একসঙ্গে দুইজন অস্কারজয়ী সুরকার সুর দিতে চলেছেন! একজন ভারতীয়, অপরজন বিদেশি।

নীতেশের রামায়ণের মাধ্যমেই বলিউডে অভিষেক ঘটবে সেই বিদেশি সুরকারের। 

 

একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, রামায়ণের জন্য নির্মাতা যে দুজন সুরকারকে বাছাই করেছেন, তারা হলেন- এ আর রহমান ও হান্স জিমার। দুজনের ঝুলিতেই রয়েছে অস্কারের মতো সম্মান। জার্মান সুরকার হান্স জিমার ‘দ্য ডার্ক নাইট’, ‘দ্য লায়ন কিং’, ‘ম্যান অব স্টিল’-এর মতো বিশ্বে সাড়া জাগানো একাধিক সিনেমার সংগীত পরিচালনা করেছেন।

 

২০২২ সালে ‘ডুন’ চলচ্চিত্রের জন্য তিনি সেরা মৌলিক আবহসংগীতের অস্কার পুরস্কার জিতেছিলেন। বিশ্বসংগীতে হান্সের অনবদ্য অবদান থাকলেও ভারতীয় সিনেমায় এটাই তাঁর প্রথম কাজ হতে চলেছে। রণবীরের রামায়ণের মাধ্যমেই ভারতে অভিষেক ঘটতে চলেছে অস্কারজয়ী সুরকার হান্স জিমারের।

চলতি বছরের মার্চ মাস থেকেই শুটিং শুরু হয়েছে রামায়ণের। এতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে।

সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে এবং রাবণের ভূমিকায় অভিনয় করার কথা রয়েছে ‘কেজিএফ’খ্যাত অভিনেতা যশের। সূত্রের খবর অনুযায়ী, সানি দেওল ভগবান হনুমানের চরিত্রের জন্য সম্মতি জানিয়েছেন। অন্যদিকে ববি দেওল এবং বিজয় সেথুপতিকে কুম্ভকর্ণ এবং বিভীষণের চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

 

রামায়ণের কলাকুশলীর তালিকায় রয়েছে আরো প্রভাবশালী নাম। রাজা দশরথের চরিত্রে অমিতাভ বচ্চনকে দেখা যাবে বলে জোর গুঞ্জন রয়েছে। শোনা যাচ্ছে, অস্কার বিজয়ী ভিএফএক্স কম্পানি ‘ডিনেগ’ রামায়ণের ভিএফএক্স সম্পাদনা করতে চলেছে। এটি অস্কারজয়ী ‘ওপেনহেইমার’, ‘ইন্টারস্টেলার’, ‘ডুন’ এবং ‘ফার্স্ট ম্যান’সহ বেশ কয়েকটি ব্লকবাস্টার চলচ্চিত্রে কাজ করেছে, যা বিশ্বব্যাপী সমাদৃত।