শিব্বীর আহমেদ, নিউইয়র্ক : নিউইয়র্কে ৯/১১ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে নতুন একটি বিশেষ প্রদর্শনী উন্মোচন করেছে ৯/১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম। ৩১ আগস্ট সোমবার ম্যানহাটনের ওয়ার্ল্ড ট্রেড সংলগ্ন জাদুঘরটিতে সাংবাদিকদের জন্য আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ের পর প্রদর্শনীটি ঘুরে দেখার সুযোগ দেওয়া হয়।
“In Their Honor: 25 Years of 9/11-Inspired Service” শীর্ষক নতুন এই প্রদর্শনীতে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর মানুষের মধ্যে গড়ে ওঠা সেবা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং মানবিক উদ্যোগের দীর্ঘমেয়াদি প্রভাব তুলে ধরা হয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদর্শনীটি আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হবে।
সোমবারের মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য দেন ৯/১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়ামের প্রেসিডেন্ট ও সিইও বেথ হিলম্যান। এছাড়া বক্তব্য দেন ৯/১১ হামলায় স্বজন হারানো পরিবারের সদস্য লোগান মিলার এবং জাদুঘরের শিক্ষা ও পাবলিক প্রোগ্রামিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নোয়া রাউস।
নতুন প্রদর্শনীতে ৯/১১ হামলার তাৎক্ষণিক ধ্বংস ও প্রাণহানির পাশাপাশি এর দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাবের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। হামলার পর কীভাবে ব্যক্তি, পরিবার ও বিভিন্ন কমিউনিটি অন্যদের পাশে দাঁড়িয়েছে এবং সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হয়েছে—প্রদর্শনীতে তার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
প্রায় ৩ হাজার মানুষের প্রাণহানির সেই ভয়াবহ ঘটনার ২৫ বছর পূর্তি সামনে রেখে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রজুড়ে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকায় আগামী ১১ সেপ্টেম্বর ২৫তম বার্ষিকী স্মরণে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে নিহতদের পরিবারের সদস্য, হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তি, ফার্স্ট রেসপন্ডার এবং বিভিন্ন পর্যায়ের সরকারি ও কমিউনিটি প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
জাদুঘরের এবারের কর্মসূচিতে শুধু নিহতদের স্মরণ নয়, ৯/১১-এর দীর্ঘমেয়াদি প্রভাব এবং সেই ঘটনার পর মানুষের মধ্যে গড়ে ওঠা মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হচ্ছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন এবং পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হওয়া ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ৯৩-এ সংঘটিত হামলা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ও বেদনাদায়ক ঘটনাগুলোর একটি হয়ে আছে।
২৫ বছর পরও ৯/১১-এর ক্ষত বহন করছেন নিহতদের স্বজন, হামলা থেকে বেঁচে যাওয়া মানুষ এবং অসংখ্য ফার্স্ট রেসপন্ডার। নতুন “In Their Honor” প্রদর্শনী সেই স্মৃতির পাশাপাশি মানুষের সেবা ও ত্যাগের গল্পও সামনে নিয়ে আসছে।
“In Their Honor: 25 Years of 9/11-Inspired Service” প্রদর্শনীটি আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৯/১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়ামে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হবে।


