শিব্বীর আহমেদ, ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ মঙ্গলবার মস্কো সফর করেছেন এবং রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে তিনি কার সঙ্গে বৈঠক করেছেন কিংবা আলোচনার বিষয় কী ছিল, তা এখনো প্রকাশ করা হয়নি।
র‍্যাটক্লিফের এই সফরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ২০২১ সালের পর কোনো মার্কিন সিআইএ পরিচালকের প্রথম জানা মস্কো সফর। ২০২১ সালের নভেম্বরে তৎকালীন সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস মস্কো গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন। এর কয়েক মাস পরই রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে। র‍্যাটক্লিফের সফরের বিষয়টি সামনে আসে মস্কোর একটি বিমানবন্দরে মার্কিন বিমানবাহিনীর সি-১৭ সামরিক পরিবহন বিমান এবং মার্কিন কূটনৈতিক বহর দেখা যাওয়ার পর। সিআইএ ও হোয়াইট হাউস সফরটির উদ্দেশ্য সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। 
সফরের আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মস্কোসহ রাশিয়ার কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিমান হামলা না চালানোর অনুরোধ করেছিল বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। ওই সময় র‍্যাটক্লিফসহ একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা রাশিয়ায় যাচ্ছেন বলে ইউক্রেনকে জানানো হয়েছিল। র‍্যাটক্লিফের মস্কো সফর এমন এক সময়ে হলো, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে। একই সঙ্গে রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনাও ওয়াশিংটন-মস্কো সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।
তবে এখন পর্যন্ত র‍্যাটক্লিফের বৈঠকের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে কোনো সরকারি তথ্য নেই। ফলে আলোচনায় ইউক্রেন যুদ্ধ, যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, রাশিয়া-ইরান সম্পর্ক কিংবা বৃহত্তর নিরাপত্তা ইস্যু উঠে এসেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ র‍্যাটক্লিফের সফর বা বৈঠকের বিষয়ে নিশ্চিত তথ্য নেই বলে জানিয়েছেন এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলেও উল্লেখ করেছেন।
বিশ্লেষকদের কাছে সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার রাজনৈতিক সম্পর্ক গভীর সংকটে থাকলেও দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। র‍্যাটক্লিফের আকস্মিক মস্কো সফর সেই যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।