যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে একটি যুব ফুটবল খেলার মাঠে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছয় বছর বয়সী এক বালক ও ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় শিশুসহ আরো ১০ জন গুরুতর আহত হয়েছেন।
উইচিটা পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে জরুরি সেবা নম্বরগুলোতে ফোন আসা শুরু হয়। ৩৪ বছর বয়সী এক নারী চালক ট্রাকটি নিয়ে হঠাৎ করেই কমপ্লেক্সটির পশ্চিম প্রান্তের একটি ব্যস্ত ফুটবল মাঠে ঢুকে পড়েন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। রয়টার্স জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচ বছর বয়সী দুজন, আট বছর বয়সী দুজন, ৯ বছর বয়সী একজন শিশু এবং পাঁচজন প্রাপ্তবয়স্ক রয়েছেন।
পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি চালাচ্ছিলেন এক নারী; যার সঙ্গে আরো দুজন অপ্রাপ্তবয়স্ক শিশু যাত্রী হিসেবে ছিল। ওই নারীর এক সন্তান ওই কমপ্লেক্সের অন্য একটি মাঠে ফুটবল খেলছিল।
উইচিটা পুলিশ প্রধান জো সালিভান গণমাধ্যমকে জানান, ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। উইচিটার মেয়র লিলি উ এই দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ অভিহিত করে বলেন, শনিবার বিকেলে পরিবারের সঙ্গে শিশুদের খেলা দেখতে এসে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা কেউ কল্পনাই করতে পারেনি।


