যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি গাড়ি পথচারীদের ওপর উঠে গিয়ে তিনজন নিহত এবং আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) শহরের নর্থ হলিউড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে।

 

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) একটি অনলাইন বিজ্ঞপ্তিতে জানায়, খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করান।
 

সিবিএস নিউজের সহযোগী স্থানীয় টেলিভিশন স্টেশন কেসিএএল-টিভি জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি বাস স্টপের কাছাকাছি থাকা খাবারের দোকানে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার সঠিক কারণ বা কিভাবে গাড়িটি পথচারীদের ওপর উঠে গেল, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বিবরণ পাওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।