চলতি বছরের মার্চের পর অক্টোবরে চীন সবচেয়ে বেশি তেল আমদানি করেছে। তবে গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে দেশটির অপরিশোধিত তেল আমদানি ১৩ দশমিক ৩ শতাংশ কমেছে।
রয়টার্স জানায়, বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীন। দেশটি অক্টোবরে ৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করেছে।
অক্টোবরে পেট্রল, ডিজেল, উড়োজাহাজের জ্বালানি ও জ্বালানি তেলসহ বিভিন্ন পরিশোধিত তেলজাত পণ্যের রপ্তানিও কমেছে। এ মাসে রপ্তানির পরিমাণ ছিল ৫১ লাখ ৮০ হাজার টন।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের পরিশোধিত তেলজাত পণ্যের মোট রপ্তানি হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টন। গত বছরের একই সময়ের তুলনায় তা ২ শতাংশ কম। অন্যদিকে, অক্টোবরে চীনের তেলজাত পণ্যের আমদানি বেড়েছে।
তবে চলতি বছরের প্রথম ১০ মাসে এসব পণ্যের মোট আমদানি কমেছে। এ সময় চীন ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার টন তেলজাত পণ্য আমদানি করেছে। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৩ কোটি ৪১ লাখ ৯০ হাজার টন।
এদিকে অক্টোবরে চীনের প্রাকৃতিক গ্যাস আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও পাইপলাইনের মাধ্যমে আনা গ্যাস মিলিয়ে এ মাসে দেশটি ১ কোটি ১ লাখ ১০ হাজার টন গ্যাস আমদানি করেছে।
তবে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের মোট প্রাকৃতিক গ্যাস আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কমেছে। এ ১০ মাসে দেশটি মোট ৯ কোটি ৯২ লাখ ২০ হাজার মেট্রিক টন প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে।


