ঢাকা: ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সমন্বয়কৃত নতুন মূল্য প্রতি লিটার ১১৩ দশমিক ৫৪ টাকা। যা আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। আজ সোমবার বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২ (খ) ও ৩৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ মূল্য সমন্বয় করা হয়। বিইআরসি জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং তেল বিপণন কোম্পানিসমূহের প্রস্তাবের প্রেক্ষিতে গত ১৫ মার্চ ফার্নেস অয়েলের মূল্য সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি ১৩ এপ্রিল থেকে ১২ মে সময়ের আমদানিকৃত পরিশোধিত ফার্নেস অয়েলের প্লাটস রেট (আন্তর্জাতিক বাজারের দাম), ক্রুড অয়েলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় মে মাসের জন্য ফার্নেস অয়েলের এই মূল্যহার সমন্বয় করা হয়।
বিপিসির ফার্নেস অয়েলের গ্রাহক শ্রেণিতে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্প কারখানা ও অন্যান্য গ্রাহক। এর আগে ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের মূল্য ছিল প্রতি লিটার ৯৪ দশমিক ৬৯ টাকা।


