খবর প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম


যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের প্রথম সংগঠন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আজকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে বিএ নিউজ ২৪-এর সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, এবং কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন ইয়র্ক বাংলা-এর সম্পাদক রশীদ আহমদ।
গত ৮ নভেম্বর (শনিবার) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের হলরুমে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে প্রথম পর্বে অনুষ্ঠিত হয় সাধারণ সভা, যেখানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য জামীল আনছারী। স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মনোয়ারুল ইসলাম। পরে সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ রশীদ আহমদ পেশ করেন আয়-ব্যয়ের হিসাব। প্রায় দুই ঘণ্টাব্যাপী এসব প্রতিবেদনের ওপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে তিনটায় শুরু হয় ভোটগ্রহণ। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গোপন ব্যালটে ভোট প্রদান করেন ক্লাবের সক্রিয় সদস্যরা। মোট ১১০ সদস্যের মধ্যে ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অসুস্থতা ও জরুরি কারণে যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করায় ১১ জন ভোট দিতে পারেননি।
সভাপতি পদে মনোয়ারুল ইসলাম ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম সালাহউদ্দিন আহমেদ (সাপ্তাহিক বাংলা পত্রিকা/ইনকিলাব) পান ৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে বিজয়ী হন মমিনুল ইসলাম মজুমদার, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী এমদাদ চৌধুরী দীপু পান ২৫ ভোট। কোষাধ্যক্ষ পদে রশীদ আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া সহ-সভাপতি পদে আবিদুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথীর খান ফারুকী (এনটিভি), সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু (টাইম টেলিভিশন), প্রচার ও দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান (যুগান্তর) এবং কার্যকরী সদস্য হিসেবে শেখ সিরাজুল ইসলাম (বাংলা পত্রিকা), রওশন হক (প্রথম আলো), ফারুক হোসেন (ফ্রিল্যান্স) ও শাহ আহমদ (আওয়াজ বিডি) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক মঈনুদ্দীন নাসের (প্রধান নির্বাচন কমিশনার), এবিএম সালেহ উদ্দীন ও চৌধুরী এম আলী কাজল। ক্লাবের উপদেষ্টা মনজুর আহমেদ, মাহবুবুর রহমান, সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান, মাহফুজুর রহমান, আবু তাহের, সাংবাদিক মাহমুদ খান তাসের ও শিহাব উদ্দীন কিসলু সাধারণ সভায় বক্তব্য রাখেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে বিজিত প্রার্থীরা ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। উপস্থিত সদস্যরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং ক্লাবের নেতৃত্বকে ধন্যবাদ জানান।