বাপা নিউজ, নিউইয়র্ক: আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র স্থগিত থাকায় কীভাবে দেশে ফিরবেন, তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন তিনি। দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে একটি উড়োজাহাজ পাঠানোরও আহ্বান জানিয়েছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২৪ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অবস্থিত চার্চ সেন্টার ফর দ্য ইউনাইটেড নেশন্সের মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে ভারত থেকে টেলিফোনে বক্তব্য দেন শেখ হাসিনা। বক্তব্য শেষে এক মার্কিন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি দেশে ফেরার ইচ্ছার কথা জানান।

শেখ হাসিনা বলেন, তিনি নিজ দেশে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু বাংলাদেশের সরকার তাঁর পাসপোর্ট ও পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র স্থগিত করেছে। ফলে দেশে ফেরার প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তা তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, বাংলাদেশগামী যে উড়োজাহাজ তাঁকে ভারতে নিয়ে এসেছিল, দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারের উচিত একইভাবে একটি উড়োজাহাজ পাঠানোর ব্যবস্থা করা। তবে সরকার তাঁকে দেশে ফেরার অনুমতি দেবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনা আরও বলেন, ইতিমধ্যে তাঁর দেশে ফেরার পথে নানা জটিলতা তৈরি করা হয়েছে। তা সত্ত্বেও তিনি ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ওই দিন সম্ভব না হলে ডিসেম্বরের যেকোনো দিন বাংলাদেশে ফেরার ইচ্ছা রয়েছে তাঁর। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বার্তা পেয়েছেন কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছ থেকে তিনি কিছুই জানতে পারেননি।

‘বাংলাদেশের ভবিষ্যৎ: গণতন্ত্র, মানবাধিকার এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড সাসটেইনেবিলিটি (আইসিডিএইচআরএস)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী নুরুন্নবী। প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে. থমাস জুনিয়র, মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও ওয়াশিংটনভিত্তিক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মাইকেল রুবিন, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক আহমেদ কায়কাউস এবং রোড আইল্যান্ডের নির্বাচিত আইনপ্রণেতা রবার্ট বি. ল্যাঞ্চিয়া।

আইসিডিএইচআরএসের মহাসচিব জাহাঙ্গীর মজুমদার বাংলাদেশ নিয়ে গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপনের জন্য আলোচক ও অতিথিদের ধন্যবাদ জানান। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী জিনাত নবী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মো. আমিনুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও নিউইয়র্কের নির্মাণ ব্যবসায়ী মো. কাদের মিয়া, মূলধারার রাজনীতিক জুনায়েদ আকতার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. ফজলুল হক, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি মো. জাফরউল্লাহ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সহসভাপতি আলিম খান আকাশ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী, আওয়ামী লীগ নেতা জাকারিয়া চৌধুরী এবং সাপ্তাহিক জাগো প্রহরীর সম্পাদক মাহাব্বুর রহমান টুকুসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।