সম্প্রতি হিমালয়কন্যা খ্যাত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের তিন মাস পর এখনো নিখোঁজ কয়েক হাজার মানুষকে আইনগতভাবে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে দেশটি।
দ্য স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়েছে, গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তের পার্বত্য অঞ্চলের একটি হিমবাহ ধসে পড়লে পানি, বরফ, পাথর ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত নেমে আসে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র রাম বাহাদুর কেসি বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করে তাদের মৃত ঘোষণার প্রক্রিয়া আমরা শুরু করেছি।’
ইতোমধ্যে ৬২৩ জন বিদেশি নাগরিকসহ প্রায় ৪ হাজার নিখোঁজ ব্যক্তির নাম উল্লেখ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।
গত অক্টোবরে নেপালের আইনে পরিবর্তন আনার পর এই পদক্ষেপ নেওয়া হলো।
হিমালয়কন্যা খ্যাত দেশটির ইতিহাসে অন্যতম প্রাণঘাতী দুর্যোগ ছিল এই বন্যা। কয়েক সপ্তাহ ধরে শত শত উদ্ধারকর্মী কাদা ও ধ্বংসাবশেষের স্তূপ সরিয়ে তল্লাশি চালালেও নিখোঁজদের মধ্যে মাত্র কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এখন পর্যন্ত মাত্র ১১২ জনের মরদেহ শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মৃত্যুসনদ না থাকায় অনেক পরিবার ক্ষতিপূরণ দাবি, সম্পত্তি হস্তান্তর কিংবা অন্যান্য আইনি জটিলতা নিষ্পত্তি করতে পারছে না।


