শিব্বীর আহমেদ, নিউ ইয়র্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ঘটছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এআই প্রযুক্তির হাত ধরে। এই পরিস্থিতিতে প্রযুক্তিটির ঝুঁকি মোকাবিলা ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে একটি বহুপক্ষীয় বৈশ্বিক কাঠামো গড়ে তোলার আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে অনুষ্ঠিত ‘ব্রিজটাউন স্পেশাল সামিট অন এআই সেফটি’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেস জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, এআইয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমানে বিশ্বজুড়ে নেওয়া উদ্যোগগুলো বিচ্ছিন্ন ও অসমন্বিত। অনেক ক্ষেত্রেই সরকারগুলো প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে।
গুতেরেস বলেন, এ কারণেই ব্রিজটাউন থেকে সদস্যরাষ্ট্রগুলোর প্রতি একটি বহুপক্ষীয় এআই ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানানো হচ্ছে। এআই নিরাপত্তার জন্য বিশ্বের একটি অভিন্ন ভিত্তি তৈরি করা এখন সময়ের দাবি। প্রস্তাবিত কাঠামোর আওতায় এআই নিরাপত্তায় অভিন্ন ব্যবস্থা, প্রযুক্তি পরীক্ষার সাধারণ পদ্ধতি, সুস্পষ্ট সুরক্ষাব্যবস্থা ও মানদণ্ড, স্বচ্ছতার ন্যূনতম শর্ত এবং উন্নত এআই মডেলের স্বাধীন মূল্যায়ন ও তদারকির ব্যবস্থা রাখার কথা বলেন তিনি। একই সঙ্গে এসব ব্যবস্থা বাস্তবায়নে সব দেশকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ওপরও গুরুত্ব দেন জাতিসংঘ মহাসচিব।
জাতিসংঘ ও বার্বাডোস সরকারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে গুতেরেস বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় এআই নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অনেকেই ক্রমবর্ধমান শক্তিশালী এআই ব্যবস্থার সম্ভাব্য বিপদ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয় ও সাইবার হামলা প্রমাণ করেছে, বিশ্বের দৈনন্দিন জীবন ও অর্থনীতি যেসব ডিজিটাল ব্যবস্থার ওপর নির্ভরশীল, সেগুলো কতটা ঝুঁকিপূর্ণ। এআই এসব হুমকিকে আরও বাড়িয়ে তুলছে। এমনকি অনেক সময় এআই ব্যবস্থা এমন আচরণ করছে, যা এর নির্মাতারাও আগে থেকে অনুমান করতে পারেননি।
তিনি বলেন, এসব সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। এর অর্থ উদ্ভাবন বন্ধ করা বা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া নয়। বরং প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সেটি নিয়ন্ত্রণের সক্ষমতাও বাড়াতে হবে। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে গুতেরেস বলেন, স্বাস্থ্যসেবা উন্নত করা থেকে শুরু করে বৈজ্ঞানিক গবেষণাকে ত্বরান্বিত করা পর্যন্ত এআইয়ের অসংখ্য ইতিবাচক সম্ভাবনা রয়েছে। কিন্তু নিয়ন্ত্রণহীন ডিজিটাল প্রযুক্তির ঝুঁকিও একই গতিতে বাড়ছে।
তিনি পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জবাবদিহি ছাড়া প্রযুক্তি, সুরক্ষাব্যবস্থা ছাড়া সক্ষমতা এবং দায়িত্বহীন ক্ষমতা—এই তিনটি বিষয় মানবজাতির জন্য বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে।
বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলির সঙ্গে এক বিশেষ আলোচনায় গুতেরেস বলেন, অতীতে বিশ্বে ক্ষমতার পরিবর্তন মূলত এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রের হাতে ঘটত। কিন্তু বর্তমানে ক্ষমতা রাষ্ট্র ও সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অল্পসংখ্যক প্রযুক্তি কোম্পানি এবং ব্যক্তির হাতে চলে যাচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এই নতুন বাস্তবতা মোকাবিলায় এখনো যথেষ্ট প্রস্তুত নয় বলে মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতিতে বৈশ্বিক শাসনব্যবস্থায় গভীর সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। তবে বিশ্বের সব দেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার মতো বৈধতা ও গ্রহণযোগ্যতা জাতিসংঘেরই রয়েছে বলে তিনি মনে করেন।
তিনি জানান, গত জুলাইয়ে অনুষ্ঠিত এআই শাসনব্যবস্থা নিয়ে প্রথম বৈশ্বিক সংলাপে অংশ নেওয়া ১১১টি দেশ এর আগে কখনো এআই নিয়ে কোনো আন্তর্জাতিক আলোচনায় অংশ নেয়নি। বিষয়টি এআই পরিচালনা ও নিয়ন্ত্রণে দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা ও সক্ষমতার বড় ব্যবধানের ইঙ্গিত দেয়।
এআইকে সামরিক কাজে ব্যবহারের ঝুঁকি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন গুতেরেস। তাঁর মতে, এআইকে অস্ত্র হিসেবে ব্যবহারের সক্ষমতা বর্তমানে মাত্র দুটি দেশ এবং অল্প কয়েকটি প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত। এটিকে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি উল্লেখ করে স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র নিষিদ্ধ করার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। গুতেরেস বলেন, কোনো যন্ত্র নিজে সিদ্ধান্ত নেবে কাকে হত্যা করবে, কোথায় হত্যা করবে এবং কী কারণে হত্যা করবে—এ ধরনের ধারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সম্মেলনে বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলি বলেন, ছোট দেশগুলো প্রায়ই এমন আন্তর্জাতিক নীতিমালা ও নিয়ম তৈরির আলোচনায় নিজেদের মতামত তুলে ধরার যথেষ্ট সুযোগ পায় না, অথচ এসব নিয়মের প্রভাব তাদের ওপরও পড়ে। তিনি প্রশ্ন তোলেন, কোনো উন্নত এআই প্রতিষ্ঠানের তৈরি এআই এজেন্ট যদি বার্বাডোসের কোনো ব্যাংকে সাইবার হামলা চালায়, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কি ক্ষতিপূরণ দিতে হবে? একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে কোনো এআই মডেলের ব্যবহার বন্ধ করে দেওয়ার ক্ষমতা সরকারের থাকা উচিত কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
এর জবাবে মটলি বলেন, এ ধরনের ক্ষমতা অবশ্যই সরকারের থাকা প্রয়োজন। তাঁর ভাষায়, কোনো প্রতিষ্ঠান থেকে প্রযুক্তি কেনার শর্ত এমন হতে হবে, যাতে প্রয়োজনে ক্রেতা সরকার নিজেই বলতে পারে—এবার যথেষ্ট, আর নয়। তিনি আরও সতর্ক করে বলেন, প্রযুক্তি ও ক্ষমতার কেন্দ্রীভবন ইতোমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। এখন কেবল যেসব সরকার আইন প্রণয়ন ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত, তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারবে।
এদিকে ভিডিও বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানান, এআই নিরাপত্তা নিয়ে ‘প্যারিস কল ফর এআই সিকিউরিটি’ উদ্যোগে ১৮ জন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ১১ জন এআই খাতের নেতা স্বাক্ষর করেছেন। তিনি বলেন, এই উদ্যোগের নীতিমালা মেনে চলাকে বিভিন্ন দেশের বাজারে প্রবেশের শর্ত হিসেবে বিবেচনা করা উচিত।
মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথও ভিডিও বার্তায় বলেন, কিছু ক্ষেত্রে এআই প্রযুক্তির অগ্রগতি নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতাকেও ছাড়িয়ে যাচ্ছে। তবে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এআই প্রযুক্তির বিস্তার আরও দ্রুত হওয়া প্রয়োজন।
সম্মেলনের সমাপনী আলোচনায় গুতেরেস বলেন, এআই মডেলের বিকাশ কখনোই সেগুলোর নিরাপত্তা নিয়ন্ত্রণের সক্ষমতার চেয়ে দ্রুত হওয়া উচিত নয়। একই সঙ্গে এআই যেন বিশ্বে বিদ্যমান বৈষম্য কমাতে সাহায্য করে, বৈষম্য আরও বাড়িয়ে না তোলে, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, এআইয়ের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন দেশের সক্ষমতার মধ্যে এখনো গভীর বৈষম্য রয়েছে। এআইয়ের মাধ্যমে বৈশ্বিক বৈষম্য আরও বাড়তে দেওয়া যাবে না। ঝুঁকি যেহেতু সীমান্ত মানে না, তাই এর সমাধানও হতে হবে বৈশ্বিক ও সবার জন্য উন্মুক্ত।
এই ব্যবধান কমাতে গুতেরেস ‘গ্লোবাল ফান্ড ফর এআই ক্যাপাসিটি-বিল্ডিং’ নামে একটি বৈশ্বিক তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন। এর মাধ্যমে প্রতিটি দেশের এআই প্রযুক্তি পরীক্ষা, মূল্যায়ন এবং নিজস্ব পরিবেশে নিরাপদ ব্যবহার নিশ্চিত করার সক্ষমতা বাড়ানোর কথা বলেছেন তিনি।
সম্মেলনে জাতিসংঘ-সমর্থিত ‘ইন্ডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক প্যানেল অন এআই’-এর নতুন একটি প্রতিবেদন নিয়েও আলোচনা হয়। রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে বিভিন্ন দেশের নিজস্ব ভাষায় এআই প্রযুক্তি পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার বিভিন্ন ভাষা থেকে শুরু করে ক্যারিবীয় অঞ্চলের ক্রেওল ভাষায় এআই মডেলগুলোর কার্যকারিতা ও নিরাপত্তা তুলনামূলকভাবে দুর্বল। ফলে এসব ভাষায় প্রযুক্তির সীমাবদ্ধতা ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করতে স্থানীয় পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা জরুরি।
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্যানেলের সদস্য ভুকোসি মারিভাতে বলেন, বিশ্বের এক হাজারের বেশি ভাষায় এআইয়ের এই ব্যবধান কমানোর প্রয়োজনীয় ভিত্তি ইতোমধ্যে তৈরি হয়েছে। গুতেরেস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তা মানবজাতির দ্বারা, মানবজাতির সঙ্গে এবং সমগ্র মানবজাতির কল্যাণে পরিচালিত হয়।
উল্লেখ্য, আগামী ডিসেম্বরের শেষে জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্ব ছাড়বেন আন্তোনিও গুতেরেস। দায়িত্বের শেষ পর্যায়ে এসে এআই নিরাপত্তা ও বৈশ্বিক নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে তাঁর এই আহ্বান আন্তর্জাতিক প্রযুক্তি নীতিনির্ধারণে নতুন আলোচনার ক্ষেত্র তৈরি করেছে।


