যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্পিরিট হ্যালোইন নামের একটি অস্থায়ী দোকানে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় ছয়জন আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বিষয়টি নিশ্চিত করে ফেয়ারফিল্ডের পুলিশপ্রধান ড্যান মার্শাল বলেন, সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৪৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত ওই মলে গুলির ঘটনা ঘটে। হামলার পর সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
শনিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ফেয়ারফিল্ড পুলিশ জানায়, ঘটনাস্থল এখনো সক্রিয় অপরাধস্থল হিসেবে রয়েছে।
ওই সময় ফেয়ারফিল্ডের সোলানো টাউন মলের ওই দোকানে কেনাকাটা করছিলেন আমেরিকান ড্যান্সার ডেভিড বার্নালের স্ত্রী। তিনি এখন বাড়িতে রয়েছেন, তবে এখনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। গুলির শব্দের বর্ণনা দিয়ে ডেভিড বার্নাল বলেন, তার স্ত্রী পাঁচটি বিকট শব্দ শুনেছিলেন।
ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে হামলার কারণ বা সন্দেহভাজন সম্পর্কে দেওয়া তথ্যে বিস্তারিত কিছু জানানো হয়নি।


