NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ১, ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’ তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
Logo
logo

লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার


খবর   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৬, ০৯:১১ এএম

লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের সংগঠনকে নিষিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ থেকে অন্তত ১৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে শত শত মানুষ এই বিক্ষোভে অংশ নেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের আইনে প্যালেস্টাইন অ্যাকশনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গত বছরের জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের সময় সংগঠনটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর হয়।

বিক্ষোভের আগে পুলিশ সমাবেশে অংশ না নেওয়ার বিষয়ে সতর্ক করেছিল। তবে সেই সতর্কতা উপেক্ষা করেই বিক্ষোভে যোগ দেন শত শত মানুষ।

 

 

 

শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, এ ঘটনায় ১৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে দিনের শুরুতে ৪৮ জনকে আটকের কথা জানিয়েছিল পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের  অধিকাংশের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

পুলিশের এ বক্তব্যের সমালোচনা করেছেন লেবার পার্টির সংসদ সদস্য জন ম্যাকডোনেল। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, কোনো সংগঠনকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করলেই স্বয়ংক্রিয়ভাবে ধরে নেওয়া যায় না যে ওই ব্যক্তি সংগঠনটিকে সমর্থন করছেন এবং গ্রেফতারযোগ্য অপরাধ করেছেন।

তিনি আরও বলেন, ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে সরকার ভুল করেছে বলে তিনি মনে করেন।

সংগঠনটির নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে আগামী বুধবার যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে আপিল শুনানি হওয়ার কথা রয়েছে। তার আগে শনিবারের এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো।

 

 

 

যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের দাবি, ফিলিস্তিনপন্থি কণ্ঠস্বর দমনের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে যুক্তরাজ্যের নিষিদ্ধ সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই তালিকায় আল-কায়েদা এবং আইএসআইএল (আইএসআইএস)-এর মতো সংগঠনও রয়েছে।