Shibbir Ahmed প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬, ০৬:০৮ পিএম

শিব্বীর আহমেদ, নিউ ইয়র্ক: প্রতি বছরের মতো এবারও ১১ আগস্ট ‘বেলুচিস্তান স্বাধীনতা দিবস’ হিসেবে পালন করেছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বেলুচ প্রবাসীরা ও জাতীয়তাবাদী সংগঠনগুলো। যুক্তরাজ্য, ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপনের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বেলুচিস্তানের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও আইনি স্বীকৃতির জোরালো দাবি জানানো হয়েছে।
ঐতিহাসিক পটভূমিকে সামনে রেখে ১৯৪৭ সালের এই দিনে বর্তমান বেলুচিস্তানের তৎকালীন স্বাধীন শাসক ‘খানাতে কালত’ ব্রিটিশ ভারত থেকে আলাদা হয়ে নিজেদের সার্বভৌমত্ব ঘোষণা করেছিল—এমন দাবি করেই বেলুচ গোষ্ঠীগুলো দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে।
বিশ্বজুড়ে পালিত এই কর্মসূচিতে বেলুচিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বীকৃতি চেয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বেলুচ প্রবাসীরা ও বেলুচ জাতীয়তাবাদী সংগঠনগুলো। এই দাবিতে বিশ্ববাসীর কাছে জোরালো আবেদন জানিয়েছেন বিশিষ্ট বেলুচ নেতা মীর ইয়ার বেলুচ (Mir Yar Baloch)। এছাড়া বেলুচ ন্যাশনাল মুভমেন্ট (BNM)-এর মতো প্রথিতযশা রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতারাও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বেলুচিস্তানের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ানোর এবং পূর্ণাঙ্গ স্বীকৃতির আহ্বান জানিয়েছেন।
এদিকে বিশ্বজুড়ে বেলুচদের এই স্বাধীনতা উদযাপন ও স্বীকৃতির দাবির মুখে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান সরকার। বেলুচিস্তানজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি বিভিন্ন এলাকায় যোগাযোগ ও তথ্য আদান-প্রদানে কড়াকড়ি আরোপের খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক অসন্তোষ, সম্পদ আহরণে বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মধ্যে বেলুচ জনগণের এই আত্মনিয়ন্ত্রণ অধিকারের দাবি এখন বৈশ্বিক কূটনীতির টেবিলে একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু হয়ে উঠেছে।