নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জ্যেষ্ঠ নেতাদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পরই মির্জা ফখরুল বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত দলের শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, আজ সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকটি শুরু হয়। বৈঠকে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয় এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি তার বর্তমান পদগুলো থেকে পদত্যাগ করেন।
আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবারই রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এছাড়া আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে বিএনপির মহাসচিব পদটি শূন্য হবে। এ পরিস্থিতিতে দলের পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে। দলের অন্দরে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নাম এই পদের জন্য জোরালোভাবে আলোচনায় রয়েছে।


