কুমিল্লায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।এ ঘটনার পর অভিযান চালিয়ে চার কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি অস্ত্র হাতে কয়েকজন কিশোরের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পরই বিষয়টি গুরুত্ব দিয়ে জড়িতদের শনাক্তে মাঠে নামে পুলিশ। রাত ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে তিনজন ‘এসবিএস’ কিশোর গ্যাং গ্রুপের সদস্য এবং অপরজন ‘সিটিজি’ গ্রুপের অ্যাডমিন।

 

আটকরা হলো—কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উনাইসার এলাকার ভাড়াটিয়া লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭), কালা মিয়ার ছেলে হাবিব (১৭) এবং একই এলাকার ভাড়াটিয়া ও কথিত সিটিজি গ্রুপের অ্যাডমিন শাওন।

 

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম রাত সোয়া ১টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। থানা এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।