সাম্প্রতিক আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নেপালের নুয়াকোটের দেবীঘাট ও ত্রিশূলী এলাকায়। বন্যার পানিতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক স্থাপনা কাদা ও বালির নিচে চাপা পড়েছে।
বন্যার ভয়াবহতা বেশি দেখা যায় নুয়াকোটের দেবীঘাট এলাকায়। সেখানকার বহুতল ভবনের ছাদে এখনো বড় বড় গাছের শিকড় আটকে থাকতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি থেকে কাদা ও ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছেন।
ত্রিশূলী বাজার এলাকায় ব্যাংক, বিভিন্ন স্থাপনা ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো নদীর স্রোত তীব্র ও ঝুঁকিপূর্ণ। ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে অনেকে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছেন।
নেপাল সেনাবাহিনীর সদস্য, স্কাউট ও স্থানীয় বাসিন্দারা সড়ক এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিষ্কারে কাজ করছেন। একই সঙ্গে এনআরসিএসের স্বেচ্ছাসেবকরা আইএফআরসির সহায়তায় বন্যাকবলিত মানুষের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন। এ ছাড়া পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় নারীদের ডিগনিটি কিট দেওয়া এবং জরুরি আশ্রয়কেন্দ্রের কার্যক্রমেও সহায়তা করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
এনআরসিএসের কর্মী ও স্বেচ্ছাসেবকরা আইএফআরসির সহায়তায় জরুরি নন-ফুড আইটেম (এনএফআই) দুর্গত এলাকায় পাঠানোর জন্যও পরিবহন করছে।
এসব ক্ষেত্রে দুর্গত জনগোষ্ঠীর অগ্রাধিকারভিত্তিক চাহিদা চিহ্নিত করার পাশাপাশি পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রয়োজনের ওপরও গুরুত্ব দিচ্ছেন এনআরসিএসের কর্মী ও স্বেচ্ছাসেবকরা।


