নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ এর ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে স্টেট কমিটিওম্যান পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি নেত্রী জামিলা উদ্দিন। তিনি দলীয় প্রাইমারি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এই পদে নিজের অবস্থান ধরে রেখেছেন।

বিজয়ী জামিলা উদ্দিন অ্যাসাল এর ন্যাশনাল প্রেসিডেন্ট ইমেরিটাস ম্যাফ মিজবাহ উদ্দিনের মেয়ে। তার পরিবারও দীর্ঘদিন ধরে নিউইয়র্কে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

নির্বাচনে জয়ের পর জামিলা উদ্দিন ভোটার, স্বেচ্ছাসেবক, সমর্থক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজয়ের এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই বিজয় কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো কমিউনিটির বিজয়। তিনি জানান, ভোটারদের আস্থা ও সমর্থনই তাকে এই সাফল্য এনে দিয়েছে এবং ভবিষ্যতেও তিনি আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনে কাজ করে যাবেন।

তিনি আরও জানান, নির্বাচনী প্রচারণায় যারা সময়, শ্রম ও সমর্থন দিয়ে পাশে ছিলেন, তাদের অবদান কখনো ভোলার নয়। কমিউনিটির উন্নয়ন, সুযোগের সম্প্রসারণ এবং অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪-এর প্রতিটি মানুষের কণ্ঠস্বর যেন যথাযথভাবে প্রতিনিধিত্ব পায়, সে লক্ষ্যে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা জামিলা উদ্দিনের এই বিজয়কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। তাদের মতে, এ সাফল্য মূলধারার রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণ ও নেতৃত্বকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে জনসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে উৎসাহিত করবে।