NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

বন্দিদের ফেরানো সহজীকরণ ও কর্মীদের কর্মের নিশ্চয়তা চাইবে ঢাকা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২১ এএম

>
বন্দিদের ফেরানো সহজীকরণ ও কর্মীদের কর্মের নিশ্চয়তা চাইবে ঢাকা

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রথমবারের মতো কনস্যুলার সংলাপে বসছে বাংলাদেশ। বুধবার (১৬ নভেম্বর) আবুধাবিতে এ সংলাপটি হতে যাচ্ছে। সংলাপে দেশটিতে বন্দি বাংলাদেশিদের দেশে ফেরানো সহজীকরণ, কর্মীদের সুবিধা-অসুবিধা, বিশেষ করে দেশটিতে গিয়ে কাজ না পাওয়া, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং অর্থপাচার সংক্রান্ত ইস্যুতে তথ্য বিনিময় ও সহযোগিতার বিষয়গুলো আলোচনায় উঠে আসবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আমিরাতের পক্ষ থেকে বাংলাদেশকে কনস্যুলার সংলাপে বসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথমবারের মতো এ সংলাপে বসবে দুই দেশ। এ সংলাপের মাধ্যমে আমিরাতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ পাওয়া যাবে। সংলাপে ঢাকার পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।

সংলাপে আলোচনার বিষয়ে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, কনস্যুলার সংক্রান্ত সবগুলো বিষয় উঠে আসবে। আমাদের মূল লক্ষ্য থাকবে দেশটিতে থাকা আমাদের কর্মীদের সুযোগ-সুবিধা তুলে ধরা। আমাদের কর্মীদের অনেকে দেখা যাচ্ছে দেশটিতে গিয়ে কাজ পাচ্ছেন না। আমরা এ বিষয়টি তুলে ধরব। বন্দিদের দেশে ফেরানোর বিষয়টি থাকবে। ভিসা প্রক্রিয়া সহজীকরণ নিয়ে আলোচনা হবে। বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার বিষয়গুলোও থাকবে।

কূটনৈতিক সূত্র বলছে, আমিরাতের জেলখানায় প্রায় ৮০০ বাংলাদেশি বন্দি রয়েছেন। ২০১৪ সালে দেশটির সঙ্গে বন্দিদের ফেরানো নিয়ে চুক্তি করা হলেও সেটি সেই অর্থে কার্যকর হয়নি। ঢাকার পক্ষ থেকে চুক্তিটি কার্যকর করার বিষয়ে বার্তা দেওয়া হবে। কূটনীতিকদের জন্য ভিসা অব্যাহতি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজীকরণ, শিক্ষা সনদ, ড্রাইভিং লাইসেন্সের স্বীকৃতিদানের বিষয়ে আলোচনা হবে। এছাড়া অর্থপাচার সংক্রান্ত ইস্যুতে তথ্য বিনিময় ও সহযোগিতার বিষয়টি আলোচনার টেবিলে থাকবে বলে ইঙ্গিত রয়েছে।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস ঢাকা পোস্টকে বলেন, আবুধাবির সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। কিন্তু তাদের সঙ্গে আমাদের কনস্যুলার সংলাপ হয়নি। তাদের ভারতের সঙ্গে, মিশরের সঙ্গে ছাড়াও আরও দুটি দেশের সঙ্গে কনস্যুলার সংলাপ হচ্ছে। প্রথমবারের মতো তারা আমাদের নতুন একটা মেকানিজমে আমন্ত্রণ জানিয়েছে। এটা আমাদের জন্য ভালো খবর।

আলোচনায় কোন বিষয়গুলোতে প্রাধান্য দেবে ঢাকা— জানতে চাইলে তিনি বলেন, ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য একটা মেকানিজম দরকার। এ সংলাপে আমাদের যেসব কর্মী তাদের জেলে বন্দি আছে, তাদের মুক্তির বিষয়টি থাকবে। বন্দিদের ফেরানো নিয়ে তাদের সঙ্গে একটা চুক্তি আছে, এটাকে কীভাবে একটিভ করা যায়। কর্মীদের ভিসা প্রক্রিয়া সহজীকরণ নিয়ে আলোচনা হতে পারে। অনেকে গিয়ে সেখানে কাজ পাচ্ছেন না। কীভাবে কো-অপারেশন বাড়ানো যায়, সে ধরনের সব বিষয়ই আলোচনায় থাকবে। আমাদের কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।

প্রথমবারের মতো কনস্যুলার সংলাপে বসা নিয়ে আমিরাতের পক্ষ থেকে বার্তা পাওয়ার পর গত ৮ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামসের নেতৃত্বে সংলাপে বসার প্রস্তুতিমূলক সভা তথা আন্তঃমন্ত্রণালয় বৈঠক বসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা ঢাকা-আবুধাবি সম্পর্ক আর দৃঢ় করতে নতুন নতুন ক্ষেত্রে সম্পর্ক গড়ার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় কনস্যুলার সংশ্লিষ্ট ইস্যু ছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আমিরাতের সহায়তা, বেসামরিক বিমান পরিবহন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিনিয়োগ, প্রতিরক্ষা খাতে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে পরামর্শ দেন সংশ্লিষ্টরা।