ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে দেশটির অন্তত ১ হাজার ৮৭ জন সেনা আত্মহত্যা করেছেন। নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
খবর প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ১০:১১ পিএম

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে দেশটির অন্তত ১ হাজার ৮৭ জন সেনা আত্মহত্যা করেছেন। নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রায় ১ কোটি ১০ লাখ মৃত্যু সনদের তথ্যভাণ্ডার থেকে ফাঁস হওয়া উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর থেকে রুশ সেনাদের আত্মহত্যার সংখ্যা বেড়েছে। যুদ্ধ ও সামরিক কার্যক্রম-সংশ্লিষ্ট আত্মহত্যার ঘটনা ২০২২ সালে ৫০টির কিছু বেশি থাকলেও গত বছর তা বেড়ে ৩৬৫টিতে দাঁড়ায়।
এ ছাড়া ইউক্রেন ও এর আশপাশের এলাকায় আরো ৮৮৫ জনের মৃত্যুর ঘটনা পাওয়া গেছে। এসব মৃত্যুকে নথিতে ‘আগ্নেয়াস্ত্রজনিত আঘাত’ হিসেবে উল্লেখ করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, এসব ঘটনার মধ্যেও আত্মহত্যার ঘটনা থাকতে পারে।
রাশিয়া সরকার সামরিক হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করে না।
প্রতিবেদনটির বিশ্লেষণে দেখা গেছে, সাধারণ মানুষের তুলনায় রুশ সেনাদের মধ্যে আত্মহত্যার হার দ্বিগুণেরও বেশি।
ফিন্যান্সিয়াল টাইমসের হিসাব অনুযায়ী, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছর রুশ সেনাদের আত্মহত্যার সংখ্যা ৪০০ ছাড়িয়ে যেতে পারে। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, মোট আত্মহত্যার ৬০০টিরও বেশি ঘটনা ঘটেছে ইউক্রেনের রাশিয়ার আংশিক নিয়ন্ত্রণে থাকা সম্মুখসারির এলাকাগুলোতে। এসব এলাকাতেই যুদ্ধের সবচেয়ে তীব্র ও প্রাণঘাতী লড়াই চলছে।
সোমবার প্রকাশিত এক তথ্যে জানা গেছে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে প্রায় ৭ লাখ রুশ সেনা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসের শুরুতে হ্যাকিংয়ের মাধ্যমে ফাঁস হওয়া রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রসস্ট্যাট’-এর গোপন নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
নির্বাসিত রুশ সংবাদমাধ্যম ‘মেদুজা’ ও ‘মিডিয়াজোনা’র বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধে রুশ বাহিনীর ৪ লাখ ৯০ হাজার সেনা নিহত হয়েছেন। এর সঙ্গে নিখোঁজ সেনাদের সংখ্যা যোগ করলে মোট প্রাণহানির পরিমাণ ৭ লাখ ছাড়িয়ে যায়। ইউক্রেনের দাবি, শুধু ২০২৬ সালেই রাশিয়া ৩ লাখ সেনা হারিয়েছে। আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার মোট সেনা হতাহতের ১৮ শতাংশই ঘটেছে চলতি বছরে। অথচ যুদ্ধের মোট সময়ের মাত্র ১৬ শতাংশ ছিল এই সময়কাল।
গত সেপ্টেম্বর মাসে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর এক হিসাবেও বলা হয়, ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হয়েছেন। পশ্চিমা কর্মকর্তাদের মতে, রুশ বাহিনীর প্রাণহানির সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।
গত আগস্টে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্রেমলিন প্রতি মাসে যত নতুন সেনা নিয়োগ দিচ্ছে, তার চেয়ে প্রায় ৬ হাজার বেশি সেনা হারাচ্ছে। ইউক্রেনের জেনারেল স্টাফের তথ্য অনুযায়ী, রুশ বাহিনীর পরিস্থিতি আরো খারাপ হয়েছে। তাদের দাবি, ২০২৬ সালের অক্টোবর ছিল ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস।