শিক্ষার অধিকার বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করতে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ দূত ফারিদা শহীদ। ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।
খবর প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৯:১১ পিএম

শিক্ষার অধিকার বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করতে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ দূত ফারিদা শহীদ। ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।
সফরকালে ফারিদা শহীদ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক সংগঠন, শিক্ষার্থী সংগঠন, শিক্ষাবিদসহ শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি দেশের বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। সফরে তার ঢাকা, বান্দরবান ও সিলেট যাওয়ার কথা রয়েছে।
সফরে সবার জন্য মানসম্মত সরকারি শিক্ষায় বৈষম্যহীন প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
সফরের প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরতে আগামী ৩ ডিসেম্বর দুপুর ২টায় ঢাকায় জাতিসংঘ ভবনে সংবাদ সম্মেলন করবেন ফারিদা শহীদ। এতে শুধু স্বীকৃত সাংবাদিকেরা অংশ নিতে পারবেন।
বাংলাদেশ সফরের ওপর পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ২০২৭ সালের জুনে জাতিসংঘের মানবাধিকার পরিষদে উপস্থাপন করবেন বিশেষ দূত।