ডিসেম্বরে দর্শকদের জন্য আসছে বেশ কিছু নতুন ও জনপ্রিয় সিরিজের নতুন মৌসুম। জে কে রাউলিংয়ের ‘হ্যারি পটার’ থেকে জেন অস্টেনের ‘প্রাইড অ্যান্ড প্রিজুডিস’—সাহিত্যনির্ভর গল্পের পাশাপাশি থাকছে রাজনৈতিক থ্রিলার, অপরাধ, রহস্য ও রোমান্টিক গল্প।
ট্রিনিটি
‘লাইন অব ডিউটি’ ও ‘বডিগার্ড’ সিরিজের নির্মাতা জেড মারকিউরিওর নতুন রাজনৈতিক থ্রিলার ‘ট্রিনিটি’। এতে মার্কিন পারমাণবিক সাবমেরিনের কর্মকর্তা ক্যাথরিন ডেকারের চরিত্রে অভিনয় করেছেন গুগু এমবাথা-র। আর মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ভূমিকায় রয়েছেন রিচার্ড ম্যাডেন।
হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন
হ্যারি পটারের গল্প এবার আসছে টিভি সিরিজ হিসেবে। এইচবিওর নতুন আয়োজনের প্রথম মৌসুমে দেখানো হবে হগওয়ার্টসে হ্যারির প্রথম দিনগুলো এবং রন ও হারমায়োনির সঙ্গে তার বন্ধুত্বের গল্প।
প্রাইড অ্যান্ড প্রিজুডিস
জেন অস্টেনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নতুন সিরিজ তৈরি করেছে নেটফ্লিক্স। এতে এলিজাবেথ বেনেটের চরিত্রে এমা করিন এবং মিস্টার ডার্সির চরিত্রে জ্যাক লোডেন অভিনয় করেছেন।
অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং
জনপ্রিয় রহস্য-কমেডি সিরিজটির ষষ্ঠ মৌসুমে নতুন এক হত্যাকাণ্ডের তদন্তে নামবে চার্লস, অলিভার ও মেবেল। এবার তাদের প্রতিদ্বন্দ্বী সিন্ডা ক্যানিংয়ের মৃত্যুর রহস্য খুঁজতে হবে। তদন্তের সূত্র ধরে তারা যাবে লন্ডনে। স্টিভ মার্টিন, মার্টিন শর্ট ও সেলেনা গোমেজের পাশাপাশি অতিথি চরিত্রে থাকছেন মেরিল স্ট্রিপ, ডেভিড টেন্যান্ট ও অলিভিয়া কোলম্যানের মতো তারকারা।
দ্য মার্ডার অব জনবেনেট র্যামসি
১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ছয় বছর বয়সী জনবেনেট র্যামসির হত্যাকাণ্ড আজও আলোচিত একটি অমীমাংসিত ঘটনা। এবার সেই ঘটনা নিয়ে তৈরি হয়েছে নতুন সিরিজ। এতে জনবেনেটের মা প্যাটসির চরিত্রে মেলিসা ম্যাককার্থি এবং বাবা জনের চরিত্রে ক্লাইভ ওয়েন অভিনয় করেছেন। হত্যাকাণ্ডের আগের ঘটনা থেকে শুরু করে তদন্তের বিভিন্ন দিক তুলে ধরা হবে সিরিজে। ১০ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।
দ্য আদার বেনেট সিস্টার
‘প্রাইড অ্যান্ড প্রিজুডিস’-এর গল্প থেকে তৈরি এই সিরিজের কেন্দ্রে রয়েছে বেনেট পরিবারের মেজো মেয়ে মেরি। অন্য বোনদের তুলনায় কম গুরুত্ব পাওয়া মেরির নিজের জীবন, প্রেম ও বিয়ের গল্প তুলে ধরা হয়েছে এতে। প্রথম মৌসুমের পর এবার তিন পর্বের বিশেষ আয়োজন আসছে। এতে দেখানো হবে বিয়ের পর নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে মেরি। সিরিজটি ডিসেম্বরে যুক্তরাজ্যে বিবিসি ও যুক্তরাষ্ট্রে ব্রিটবক্সে মুক্তি পাবে।
আনঅ্যাকাস্টমড আর্থ
লেখক ঝুম্পা লাহিড়ীর ছোটগল্প সংকলন থেকে অনুপ্রাণিত এই সিরিজে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত কয়েকটি পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। ফ্রিদা পিন্টো অভিনয় করেছেন পারুল চৌধুরীর চরিত্রে। ক্যান্সার শনাক্ত হওয়ার পর স্বামী ও ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য তিনি মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যান। সেখানে পুরোনো ভালোবাসার মানুষের সঙ্গে আবার দেখা হয় তার। এরপর দুই পরিবারের সম্পর্ক নতুন জটিলতার মুখে পড়ে। সিরিজটি ১৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।
তুলসা কিংয়ের স্পিন-অফ সিরিজ
টেইলর শেরিডানের নতুন ক্রাইম-কমেডি সিরিজে অভিনয় করেছেন স্যামুয়েল এল জ্যাকসন। এটি তার নির্মিত ‘তুলসা কিং’ সিরিজের স্পিন-অফ। এতে রাসেল লি ওয়াশিংটন ওরফে লি চরিত্রে দেখা যাবে জ্যাকসনকে। তিনি একজন সাবেক মাফিয়া ঘাতক, যিনি পুরোনো জীবন ছেড়ে টেক্সাসে নতুন করে ব্যবসা শুরু করেন। সিরিজের কয়েকটি পর্বে অতিথি চরিত্রে থাকবেন সিলভেস্টার স্ট্যালোন।
এমিলি ইন প্যারিস
জনপ্রিয় রোমান্টিক সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর ষষ্ঠ ও শেষ মৌসুম আসছে ডিসেম্বরে। এবার এমিলিকে প্যারিসের বাইরে গ্রিস ও মোনাকোতেও দেখা যাবে। একই সঙ্গে তার পুরোনো প্রেমিক গ্যাব্রিয়েল ফিরে আসবে গল্পে। নিজের ভবিষ্যৎ ও সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নিতে হবে এমিলি ও তার বন্ধু মিন্ডিকে। ২৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।
কল দ্য মিডওয়াইফ : সিস্টার্স ইন আর্মস
১৫ মৌসুমের জনপ্রিয় সিরিজ ‘কল দ্য মিডওয়াইফ’-এর প্রিক্যুয়েল আসছে তিন পর্বের বিশেষ আয়োজন নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনে ধাত্রীদের কাজ ও জীবনযাপনের গল্প তুলে ধরা হবে এতে। যুদ্ধের বোমা হামলা, চিকিৎসাসামগ্রীর সংকট এবং কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষের পাশে থাকার অভিজ্ঞতা দেখানো হবে। সিরিজটি ডিসেম্বরে যুক্তরাজ্যের বিবিসি ওয়ানে মুক্তি পাবে।


