NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ২১, ২০২৬ | ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী ২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা ইসলাম গ্রহণ করে মক্কায় ওমরাহ পালন—কে এই ব্রাজিলিয়ান নারী ফুটবলার ডিসেম্বরের শেষ সপ্তাহে দেখতে পারেন যে ১০ সিরিজ কুইন্সে ১৪০ কোটি ডলারের ভ্যান উইক এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ সম্পন্ন, যানজট কমাতে চালু নতুন লেন রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে নিউইয়র্ক সিটি হলের প্রদর্শনীতে স্থান পেল শেহানা হানিফের অভিষেকের শাড়ি পলাতক সরকারের সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী নেওয়া বন্ধ হয়েছিল : প্রধানমন্ত্রী আলাস্কায় সুলিভানকে হারালেন পেলটোলা, ডেমোক্র্যাটদের আসন ৫৬ প্রথমবারের মতো এক ফ্রেমে শি-ট্রাম্প-পুতিন
Logo
logo

ভারতের ফায়ারিং রেঞ্জে ক্ষেপণাস্ত্র প্রশিক্ষণ নিতে পারবেন জাপানি সেনারা


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৬, ০৯:১১ পিএম

ভারতের ফায়ারিং রেঞ্জে ক্ষেপণাস্ত্র প্রশিক্ষণ নিতে পারবেন জাপানি সেনারা

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক সহযোগিতা বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে জাপান ও ভারত। দুই দেশ সামরিক ও অস্ত্রশিল্পে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।

এর অংশ হিসেবে ভবিষ্যতে যৌথ সামরিক মহড়ার সময় জাপানি সেনারা ভারতের ফায়ারিং রেঞ্জে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রশিক্ষণ নিতে পারবেন।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাপানের রাজধানী টোকিওতে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ‘টু-প্লাস-টু’ নামে পরিচিত এই বৈঠকে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ও পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নেন।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্যে ভারত ও জাপান সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের নিরাপত্তা, প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করেছে।

দুই দেশই যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘কোয়াড’ জোটের সদস্য। এই জোটের অন্যতম লক্ষ্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করতে চায়।

 

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, প্রতিরক্ষা শিল্পে দুই দেশের সহযোগিতা ‘জাপানের সঙ্গে নকশা, ভারতে উৎপাদন’ (ডিজাইন উইথ জাপান, মেক ইন ইন্ডিয়া) নীতির আওতায় পরিচালিত হবে।

এর মাধ্যমে জাপানের প্রযুক্তি ও নকশা কাজে লাগিয়ে ভারতে সামরিক সরঞ্জাম উৎপাদনে সহযোগিতা বাড়ানো হবে।

 

দ্বীপরাষ্ট্র জাপানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত নিরাপদ জায়গা নেই। এ কারণে দেশটি এমন প্রতিরক্ষা অংশীদার খুঁজছে, যাদের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে সরাসরি গোলাবর্ষণ বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুশীলন করতে পারবে জাপানি সেনারা। ক্ষেপণাস্ত্র ব্যবহারের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। এ বছর অস্ট্রেলিয়ার সঙ্গেও একই ধরনের একটি সমঝোতা করেছে জাপান।

 

চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা মোকাবিলায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে জাপান। এর অংশ হিসেবে চলতি বছর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে দেশটি। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় মোতায়েন করা ‘টাইপ-১২’ ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।

পাশাপাশি, নিরাপত্তা ও প্রতিরক্ষা জোরদার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির কৌশলের অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধের পর থেকে অনুসরণ করা শান্তিবাদী নীতিতে পরিবর্তন এনেছে জাপান। দেশটি প্রাণঘাতী অস্ত্র রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে।

বৃহস্পতিবারের বৈঠকে জাপান ও ভারতের চার মন্ত্রী প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হন। এ ছাড়া জাপানি নৌবাহিনীর ‘ইউনিকর্ন’ নামের রেডিও অ্যান্টেনা ভারতে হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেন তাঁরা।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তা, তথ্য আদান-প্রদান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, নৌযান নির্মাণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়াতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ।