Shibbir Ahmed প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১১:১১ পিএম

শিব্বীর আহমেদ, নিউইয়র্ক: দীর্ঘ প্রতীক্ষিত ১.৪ বিলিয়ন ডলারের ভ্যান উইক এক্সপ্রেসওয়ে আধুনিকায়ন প্রকল্পের প্রধান সড়ক নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এর ফলে নিউইয়র্কের কুইন্সে যানজট কমার পাশাপাশি জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। প্রকল্পের কাজ নির্ধারিত বাজেটের মধ্যেই গত অক্টোবর মাসে শেষ হয়েছে। এ উপলক্ষে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল কুইন্সের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার ঘোষণা উদযাপন করেন।
প্রকল্পের সর্বশেষ পর্যায়ে গত ২৩ অক্টোবর থেকে ভ্যান উইক এক্সপ্রেসওয়ের উভয় দিকে নতুন ম্যানেজড-ইউজ লেন চালু করা হয়েছে। এসব লেন কুইন্সের কিউ গার্ডেনস ইন্টারচেঞ্জ থেকে জেএফকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত। নতুন লেনগুলো ট্যাক্সি, যাত্রীসহ চলাচলকারী ভাড়ায় চালিত গাড়ি, একাধিক যাত্রী বহনকারী ব্যক্তিগত যানবাহন এবং বাসের জন্য উন্মুক্ত থাকবে। এর ফলে বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী ও কর্মীদের সময় সাশ্রয় হবে এবং এক্সপ্রেসওয়ের যানজট কমবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পের উদ্বোধন-পরবর্তী অনুষ্ঠানে গভর্নর ক্যাথি হোকুল বলেন, ভ্যান উইক এক্সপ্রেসওয়ের দীর্ঘদিনের নির্মাণকাজ ও যানজট কুইন্সের বাসিন্দাদের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছিল। তবে তাঁর প্রশাসন এই পরিস্থিতির পরিবর্তনে উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, নতুন অবকাঠামোগত উন্নয়নের ফলে যান চলাচল আগের তুলনায় সর্বোচ্চ ২৫ মিনিট পর্যন্ত দ্রুত হতে পারে। এটি পুরো কুইন্সের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান কোয়ামে মামদানি বলেন, ভ্যান উইক এক্সপ্রেসওয়ের দীর্ঘ প্রতীক্ষিত উন্নয়নকাজ সম্পন্ন হওয়ায় প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী কয়েক লাখ নিউইয়র্কবাসী সরাসরি উপকৃত হবেন। তিনি বলেন, কুইন্সের বাসিন্দাদের পাশাপাশি জেএফকে বিমানবন্দরের কর্মী ও যাত্রীরাও এর সুফল পাবেন। প্রকল্পটি সম্পন্ন করতে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি গভর্নর হোকুলকে ধন্যবাদ জানান।
কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস জুনিয়র বলেন, ভ্যান উইক এক্সপ্রেসওয়ে কুইন্সের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। দীর্ঘদিন ধরে এই সড়কের যানজট চালকদের জন্য বড় দুর্ভোগের কারণ ছিল। আধুনিকায়ন প্রকল্প সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দা ও বিমানবন্দরগামী লাখো যাত্রী উপকৃত হবেন। নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। ৪.৩ মাইল দীর্ঘ এই সড়কটির আধুনিকায়নকাজ শুরু হয় ২০২০ সালের প্রথম দিকে। তিনটি পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
প্রথম পর্যায়ে ৩৪২ মিলিয়ন ডলার ব্যয়ে এক্সপ্রেসওয়ের ওপর থাকা নয়টি সেতু সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। ২০২৩ সালে এই পর্যায়ের কাজ শেষ হয়। দ্বিতীয় পর্যায়ে ৩১৮ মিলিয়ন ডলার ব্যয়ে লং আইল্যান্ড রেল রোডের চারটি সেতু প্রতিস্থাপন ও উন্নয়ন করা হয়। পাশাপাশি সড়কের সার্ভিস রোড, বিদ্যুৎ অবকাঠামো এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হয়। তৃতীয় পর্যায়ে ৮০৪ মিলিয়ন ডলার ব্যয়ে নতুন ম্যানেজড-ইউজ লেন নির্মাণ, ১০টি সেতু নির্মাণ ও সংস্কার, প্রবেশ ও বের হওয়ার র্যাম্প পুনর্বিন্যাস এবং পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে।
পুরো প্রকল্পের আওতায় মোট ২৩টি সেতু সংস্কার অথবা পুনর্নির্মাণ করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্ব কুইন্সের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা মোকাবিলায় নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল প্রটেকশনের সঙ্গে যৌথভাবে ১৩৫ মিলিয়ন ডলার ব্যয়ে একটি ডাবল-ব্যারেল পয়োনিষ্কাশন লাইন নির্মাণ করা হয়েছে। প্রকল্পের অন্যান্য উন্নয়নের মধ্যে রয়েছে আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা, সড়কের প্রবেশ ও বের হওয়ার পথ পুনর্বিন্যাস এবং উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা প্রযুক্তি স্থাপন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান গ্রেগরি মিকস নতুন এই প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেন, নতুন হাই-অকুপেন্সি ভেহিকল (এইচওভি) লেন স্থানীয় যাত্রী, বিমানবন্দরগামী মানুষ এবং পর্যটকদের যানজটের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের কমিশনার মেরি থেরেস ডমিঙ্গুয়েজ বলেন, প্রকল্পটি কুইন্সের বাসিন্দা, ব্যবসাপ্রতিষ্ঠান ও দর্শনার্থীদের দীর্ঘমেয়াদি সুবিধা দেবে। একই সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও বন্যা মোকাবিলার সক্ষমতা বাড়াবে।
তবে এক্সপ্রেসওয়ের মূল নির্মাণকাজ শেষ হলেও আশপাশের সার্ভিস রোড সংস্কারের কিছু কাজ এখনো বাকি রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এসব কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ভ্যান উইক এক্সপ্রেসওয়ের আধুনিকায়ন জেএফকে বিমানবন্দরে যাতায়াত সহজ করতে নিউইয়র্কের বৃহত্তর অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ।