শিব্বীর আহমেদ, নিউইয়র্ক: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব বিপুল সমর্থনে গৃহীত হয়েছে। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃত্বে উত্থাপিত বার্ষিক এ প্রস্তাবের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘন বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নতুন করে আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবটি গ্রহণের আগে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত শঞ্চিতা হক বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য দেন। তিনি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের জরুরি ও টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পেরিয়ে গেলেও তাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো অর্থবহ অগ্রগতি হয়নি। দীর্ঘস্থায়ী এই সংকট বাংলাদেশের অর্থনীতি, সমাজ, পরিবেশ ও নিরাপত্তার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীকেও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

বক্তব্যে রাষ্ট্রদূত শঞ্চিতা হক আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা মিয়ানমারের বিরুদ্ধে মামলার আসন্ন রায়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, গাম্ভিয়া ভার্সেস মায়ানমার মামলার রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। চলতি বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এতে সহিংসতা বন্ধ, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রমের জন্য পর্যাপ্ত অর্থায়নের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার, বিশেষ করে ভোটাধিকার নিশ্চিত করা এবং মিয়ানমারে তাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও দ্রুত প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবটির কার্যকর বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারেই নিহিত।

এদিকে, প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উল্লেখ থাকার বিষয়ে আপত্তি জানিয়ে যুক্তরাষ্ট্র প্রস্তাবটির ওপর ভোটের আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় যুক্তরাষ্ট্র জানায়, আইসিসি-সংক্রান্ত উল্লেখের বিষয়ে তাদের সাধারণ অবস্থান সব সংশ্লিষ্ট প্রস্তাবের ক্ষেত্রেই একই। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। একই সঙ্গে বাংলাদেশে ১২ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে দীর্ঘদিন ধরে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব ও সহযোগিতার বিষয়টিও এ প্রস্তাবের মাধ্যমে আবারও সামনে এসেছে।