Shibbir Ahmed প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১০:১১ পিএম

শিব্বীর আহমেদ, নিউ ইয়র্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে চালানো সামরিক অভিযানে গণহত্যার দায়ে দেশটিকে দায়ী করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার দেওয়া এক ঐতিহাসিক রায়ে আদালত বলেছে, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। ১৫ বিচারকের প্যানেলে ৯-৬ ভোটে এ রায় দেওয়া হয়। আন্তর্জাতিক বিচার আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করা হলো।
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে প্রায় তিন ঘণ্টার রায় পাঠ করেন আইসিজের প্রেসিডেন্ট জাপানের বিচারপতি ইউজি ইওয়াসাওয়া। তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করেছে এবং প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপরও হামলা চালিয়েছে।
আদালত বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রীয় সংস্থাগুলো গণহত্যা সনদের দ্বিতীয় অনুচ্ছেদে নিষিদ্ধ কর্মকাণ্ড সংঘটিত করেছে। এর মধ্যে রয়েছে কোনো জনগোষ্ঠীর সদস্যদের হত্যা, তাদের শারীরিক ও মানসিকভাবে গুরুতর ক্ষতিসাধন এবং ওই জনগোষ্ঠীর মধ্যে জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে ব্যবস্থা গ্রহণ।
বিচারকদের পর্যবেক্ষণে বলা হয়, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের পেছনে জনগোষ্ঠীটির একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল। গণহত্যার অভিযোগ প্রমাণের জন্য আন্তর্জাতিক আইনে যে বিশেষ অভিপ্রায় প্রয়োজন, আদালত তার প্রমাণ পেয়েছে।
রায় ঘোষণার আগে আদালত ভুক্তভোগীদের সাক্ষ্য, আন্তর্জাতিক তদন্তকারীদের প্রতিবেদন, বিভিন্ন নথিপত্র এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে। এসব প্রমাণে দেখা যায়, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা গ্রামগুলোতে আগুন দিয়েছে এবং বুলডোজার দিয়ে বাড়িঘর ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। সামরিক অভিযানের সময় পুরুষ ও কিশোরদের হত্যা, নারী ও মেয়েদের ধর্ষণ এবং ব্যাপক যৌন সহিংসতার ঘটনাও ঘটেছে।
আদালত আরও জানায়, সামরিক অভিযানের সময় শিশু ও নবজাতকদের ওপর চালানো চরম সহিংসতার প্রমাণও পাওয়া গেছে। এসব ঘটনা রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে সেনাবাহিনী কাজ করেছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০১৭ সালের সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। উত্তর রাখাইন রাজ্যের প্রায় ৪০০টি গ্রাম আংশিক অথবা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। ওই বছরের সামরিক অভিযান থেকে প্রাণ বাঁচাতে প্রায় সাত লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর ফলে বাংলাদেশে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী সংকটের সৃষ্টি হয়।
আদালত আরও বলেছে, গণহত্যা প্রতিরোধ, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং গণহত্যা সনদের বাধ্যবাধকতা বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রণয়নের ক্ষেত্রে মিয়ানমার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এ ছাড়া গণহত্যার তদন্ত ও বিচার কার্যক্রমে বাধা সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার বিষয়টিও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আইসিজের এই রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই রায় গণহত্যার শিকার রোহিঙ্গাদের জন্য একটি শক্তিশালী স্বীকৃতি এবং আন্তর্জাতিক ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ উদাহরণ।
গুতেরেস বলেন, ভয়াবহ এসব অপরাধের দায়মুক্তি যে গ্রহণযোগ্য নয়, এই রায় তারই পুনঃনিশ্চিতকরণ। তিনি আরও বলেন, মিয়ানমারে দায়মুক্তির অবসান এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা জাতীয় পুনর্মিলন ও স্থায়ী শান্তির জন্য অপরিহার্য। আন্তর্জাতিক আইন এবং গণহত্যা সনদ সব রাষ্ট্রেরই মেনে চলা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ এনে দেশটি আদালতের কাছে মিয়ানমারকে দায়ী করার আবেদন জানায়।
মামলাটি আন্তর্জাতিক বিচার আদালতের অন্যতম আলোচিত বিচারিক কার্যক্রমে পরিণত হয়। ২০২৬ সালের ১২ থেকে ২৯ জানুয়ারি মামলার মূল বিষয়ে প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়। এতে উভয় পক্ষের বক্তব্য, সাক্ষ্য ও বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করে আদালত। মিয়ানমার দাবি করেছিল, ২০১৭ সালের সামরিক অভিযান ছিল সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে বৈধ নিরাপত্তা অভিযান। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেনি।
রায়ে আইসিজে মিয়ানমারকে গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, গণহত্যা বা সনদে নিষিদ্ধ অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্ত করতে হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে গণহত্যা সনদের বাধ্যবাধকতা পূরণে প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। রায়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অধিকার ও প্রত্যাবাসনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। আদালত বলেছে, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে হবে। মিয়ানমারের বেআইনি কর্মকাণ্ডের কারণে দেশের ভেতরে কিংবা দেশের বাইরে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের নিজ নিজ বসতভিটায় ফিরে যাওয়ার সুযোগ এবং পরিবারের সদস্যদের পুনর্মিলন নিশ্চিত করতে হবে।
এ ছাড়া গণহত্যার কারণে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের যে ক্ষতি হয়েছে, তার জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ এবং কীভাবে তা দেওয়া হবে, সে বিষয়ে পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে আদালত। এ লক্ষ্যে রায়ে নির্ধারিত দুই বছরের মধ্যে ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি এবং প্রত্যাবাসনসহ অন্যান্য পুনর্বাসনমূলক পদক্ষেপের বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে। আইসিজের এই রায় চূড়ান্ত, মামলার দুই পক্ষের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।
মিয়ানমারের বিরুদ্ধে এই রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ২০০৭ সালে বসনিয়া ও হার্জেগোভিনা বনাম সার্বিয়া ও মন্টেনেগ্রো মামলায় আইসিজে বলেছিল, ১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হয়েছিল সার্বিয়া এবং অপরাধীদের বিচারের আওতায় আনতেও ব্যর্থ হয়েছিল। তবে সার্বিয়া নিজে গণহত্যা সংঘটিত করেছে বলে আদালত রায় দেয়নি।
২০১৫ সালে ক্রোয়েশিয়া বনাম সার্বিয়া মামলায় দুই দেশের পাল্টাপাল্টি গণহত্যার অভিযোগ খারিজ করে দেয় আদালত। সে ক্ষেত্রে গণহত্যার জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট অভিপ্রায়ের পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। সেই তুলনায় মিয়ানমারের বিরুদ্ধে বৃহস্পতিবারের রায় বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এই প্রথম আইসিজে সরাসরি কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী করেছে।
এদিকে বাংলাদেশে এখনো ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। তাদের অধিকাংশই কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাস করছেন। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম বড় উদ্বেগ হিসেবে রয়ে গেছে।