NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ১৫, ২০২৬ | ১ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন ডিসেম্বরে আইসিসির কঠোর সমালোচনা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইতালির আল্পসে কেএফসি, ঐতিহ্য নষ্টের আশঙ্কায় স্থানীয়দের আপত্তি রোনালদোকে শ্রদ্ধা জানাতে পর্তুগালের যত বিশেষ আয়োজন জমা পড়েছে আবেদন, বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল
Logo
logo

পরবর্তী আলোচনায় ইউরোপও যোগ দেবে, পুতিন ও জেলেনস্কির সাথে বৈঠক শেষে কুশনার


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম

পরবর্তী আলোচনায় ইউরোপও যোগ দেবে, পুতিন ও জেলেনস্কির সাথে বৈঠক শেষে কুশনার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পরবর্তী শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরাও যোগ দেবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।

ব্যস্ততম এক কূটনৈতিক দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করার পর কুশনার এই ঘোষণা দেন। এ আলোচনায় তার সাথে ছিলেন মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। 

 

যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় ইউরোপের অন্তর্ভুক্তি বড় এক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এতদিন রাশিয়া ত্রিপক্ষীয় আলোচনায় সম্মত হলেও তাতে ইউরোপের অন্তর্ভুক্তির বিরুদ্ধে ছিল।

গত মঙ্গল ও বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনা হয়। গত ফেব্রুয়ারির পর এই প্রথম এ ধরনের আলোচনায় রাশিয়াও ইউক্রেনের প্রতিনিধিরা অংশ নেন। মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনায় মধ্যস্থতা করে। কোনো অগ্রগতি ছাড়াই আবুধাবি বৈঠক শেষ হলে জ্যারেড কুশনার এবং স্টিফ উইটকফ মস্কো ছুটে যান।
বৃহস্পতিবার সকালে পুতিনের সাথে বৈঠকের পর তারা রাতেই ডাবলিনে গিয়ে জেলেনস্কির সাথে বৈঠক করেন।  

 

মস্কোতে পুতিনের সাথে কথা বলার পর জ্যারেড কুশনার বলেন, ‘আমাদের ইউরোপীয় অংশীদারদের অন্তর্ভুক্ত করে পরবর্তী দফার আলোচনা সম্প্রসারিত করতে উভয় পক্ষই এখন সম্মত হয়েছে।’

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে কুশনার বলেন, ’এটি আমাদের ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার ভূখণ্ডগত বিরোধের পাশাপাশি যুদ্ধ-পরবর্তী বৃহত্তর ইউরোপীয় নিরাপত্তা চুক্তিগুলো নিয়ে কাজ করার সুযোগ করে দেবে।’ কুশনার আরও যোগ করেন, ‘লড়াই বন্ধ করতে এবং একটি দীর্ঘস্থায়ী শান্তি, একটি সার্বভৌম, নিরাপদ ও সমৃদ্ধ ইউক্রেন এবং আরো স্থিতিশীল ইউরোপের ভিত্তি তৈরিতে প্রয়োজনীয় যেকোনো কঠিন কূটনৈতিক প্রচেষ্টা আমরা চালিয়ে যাব।’

বৃহস্পতিবার দিনের শুরুতে কুশনার ইউক্রেনের জন্য যুদ্ধ-পরবর্তী কিছু সত্যিই অবিশ্বাস্য নিরাপত্তা পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন এবং সতর্ক করে বলেছিলেন যে, আলোচনার টেবিলে ইউরোপীয়দের ছাড়া কোনো চুক্তি চূড়ান্ত করা সম্ভব নয়।

 

ডাবলিনে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, সাম্প্রতিক আলোচনাগুলো কিয়েভকে আশা দিয়েছে যে আমরা এই যুদ্ধ শেষ করব। বৃহস্পতিবার রাতে উইটকফ এবং কুশনারের পাশে দাঁড়িয়ে জেলেনস্কি আরো বলেন, সম্প্রতি সম্মত হওয়া যুদ্ধবন্দি বিনিময় চুক্তিটি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় হবে এবং তিনি এই বিনিময়কে একটি বাস্তব ফলাফল হিসেবে অভিহিত করেন।

মার্কিন দূতেরা মস্কো ত্যাগের ঠিক আগে ভনুকোভো বিমানবন্দরে উইটকফ সিএনএন-কে বলেন, ‘আমি মনে করি অগ্রগতি হয়েছে। আমি মনে করি আজ দিনের শুরুতেই তা হয়েছে। মানুষ ভাবেনি যে আমরা ত্রিপক্ষীয় আলোচনা আবার শুরু করতে পারব। আমরা তা শুরু করেছি। আমরা একটি নতুন বৈঠকের সময় ঠিক করেছি।’ তিনি আরো যোগ করেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক এটাই দেখতে চান।’

মার্কিন দুই দূতের সাথে বৈঠক শেষে পুতিন দাবি করেছেন যে, মস্কো ইউরোপের সাথে সংলাপে বসার ক্ষেত্রে কখনোই বিরোধী ছিল না। তিনি বলেন, ‘আমরা কখনোই এটি ছিন্ন করিনি।’ তবে পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ; রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ত্রিপক্ষীয় আলোচনা চলবে বলে নিশ্চিত করলেও; ইউরোপীয় প্রতিনিধিদের এতে যোগ দেওয়ার বিষয়টিকে কিছুটা খাটো করে দেখেছেন বলে মনে হয়েছে। উশাকভ বলেন, ‘তারা আলোচনায় যুক্ত হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছে, কিন্তু আমাদের প্রেসিডেন্ট যেমনটি বলেছেন, তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা শান্তি চায় নাকি যুদ্ধ চালিয়ে যেতে চায়। এখন পর্যন্ত তাদের সমস্ত বাস্তব কর্মকাণ্ড ঠিক পরেরটির দিকেই ইঙ্গিত করছে।’

বৃহস্পতিবার পুতিনের সাথে বৈঠকে উইটকফও পরবর্তী দফার আলোচনায় ইউরোপীয় দেশগুলোর যোগ দেওয়ার বিষয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেন। ট্রাম্পের জামাতা কুশনার যোগ করেন, ‘ইউরোপীয়দের ইচ্ছা হলো এই যুদ্ধটি যেন সত্যিই শেষ হয় এবং এরপর যেন দীর্ঘস্থায়ী শান্তি বিরাজ করে।’ জবাবে পুতিন বলেন, ‘ইউরোপের সাথে সংলাপ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে রাশিয়ার কখনোই আপত্তি ছিল না।’ রুশ নেতা বলেন, ‘আপনারা চান এই শান্তি যেন টেকসই ও দীর্ঘস্থায়ী হয়, এবং আমি নিশ্চিত করছি যে আমিও এর সাথে একমত, বরং আমি আরো বেশি কিছু বলব। আমি চাই এই শান্তি চিরস্থায়ী হোক, চিরতরে হোক।’ পুতিন আরো বলেন, ‘আমরা অবগত যে ভূখণ্ডগত বিষয়গুলোকে দুই পক্ষ ভিন্নভাবে দেখে। আমি আগেই যেমন বলেছি, এটি সবসময়ই বিবাদের একটি মূল কারণ হয়ে থাকবে।’

ইউরোপের উদ্দেশ্য নিয়ে রাশিয়া সন্দিহান কি না জানতে চাইলে রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ বৃহস্পতিবার সিএনএন-কে বলেন, ‘আমি মনে করি ইউরোপীয় নিরাপত্তার ওপর কাজ করা নিঃসন্দেহে ইউরোপের জন্য একটি বড় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং সত্যি বলতে, যারা ইউরোপীয়দের এবং তাদের জীবনের পরোয়া করেন, তারা অবশ্যই চান ইউরোপীয় নিরাপত্তা শক্তিশালী হোক।’

এদিকে উশাকভ জানিয়েছেন, চীনে আসন্ন অ্যাপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি পরিকল্পিত দ্বিপক্ষীয় বৈঠকে পুতিন ও ট্রাম্প ইউক্রেন নিয়ে আলোচনা চালিয়ে যাবেন। ইউক্রেনের কথা উল্লেখ করে উশাকভ বলেন, ‘এটা লক্ষ্য করা গেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে এই সমস্যা সমাধানে মনোনিবেশ করেছেন। স্বাভাবিকভাবেই, শেনজেনে অ্যাপেক শীর্ষ সম্মেলনে তার সাথে পরিকল্পিত বৈঠকে মীমাংসা সংক্রান্ত সমস্ত বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।’ সূত্র : সিএনএন