Shibbir Ahmed প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ০৫:০৮ এএম

শিব্বীর আহমেদ, নিউইয়র্ক: বর্ণিল উৎসব, নাচ-গান এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যাকসন হাইটসে আজ অনুষ্ঠিত হলো ঐতিহাসিক ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’ (South Asian Unity Parade 2026)। নিউইয়র্কের মাটিতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কৃষ্টি, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতি তুলে ধরার এই প্রথম যৌথ উদ্যোগটি স্থানীয় প্রবাসী কমিউনিটিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
রবিবার দুপুরে জ্যাকসন হাইটসের প্রধান রাজপথগুলো দক্ষিণ এশীয় সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটানসহ বিভিন্ন দক্ষিণ এশীয় দেশের প্রবাসীরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে, হাতে দেশের পতাকা নিয়ে এবং নানা সাংস্কৃতিক বাদ্যের তালে মিছিলে অংশ নেন।

আয়োজকরা জানান, নিউইয়র্কের মূলধারার বহুকৃষ্টিক সমাজে দক্ষিণ এশিয়ার সম্মিলিত ঐতিহ্য ও মৈত্রী সুদৃঢ় করতে এই প্যারেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং নানা পেশার প্রবাসীদের উপস্থিতিতে জ্যাকসন হাইটসের প্যারেড প্রাঙ্গণটি যেন এক টুকরো দক্ষিণ এশিয়ায় পরিণত হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা দেখতে সাধারণ দর্শকদেরও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।