ইরান ইস্যুতে ওয়াশিংটনের অত্যন্ত কঠোর ও স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্পের জামাতা ও মার্কিন দূত জ্যারেড কুশনার। তিনি জানিয়েছেন, তেহরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
সম্প্রতি তেল আবিবে থাকাকালীন মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কুশনার এই কথা বলেন। তেহরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির জন্য মার্কিন প্রশাসনের মূল শর্তগুলো বিস্তারিত তুলে ধরেন তিনি। কুশনার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ইরানের পারমাণবিক অস্ত্র রাখার কোনো সুযোগ নেই।
তিনি আরো জানান, প্রেসিডেন্ট ট্রাম্প একটি ন্যায্য ও দ্বিপাক্ষিক লাভজনক চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক, তবে তার আগে ইরানকে মৌলিক শর্তগুলো মেনে চলতে হবে। চুক্তিতে আসার জন্য তেহরানকে পারমাণবিক কর্মসূচির পথ ত্যাগ করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধ করার আহ্বান জানান মার্কিন এই দূত।


