এশিয়া কাপের আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সিরিজটি আয়োজন করতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছে বিসিবি।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বালিতে অনুষ্ঠিত আইসিসির সভার ফাঁকে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে এই প্রস্তাব দেয় বিসিবি। সিরিজের সময় নিয়ে একটু দ্বিমত আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘এশিয়া কাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছি আমরা। দুই দেশই বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।’
তবে এখনই সিরিজের ঘোষণা দেওয়ার সুযোগ নেই।
আগামী ১৮ জুন থেকে ৪ জুলাই বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৭ এশিয়া কাপ। ২০১৬ সালের পর আবারও এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সেবার টি-টোয়েন্টি সংস্করণের আসরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।
তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আয়োজনে এটিই হতে যাচ্ছে প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। তার আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ সফল হলে এশিয়া কাপের প্রস্তুতিও ভালোভাবে সেরে নিতে পারবে বাংলাদেশ।


