ঢাকার মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে বিশাল সেন্টারের সামনে পার্ক করা গাড়িটিতে গুলি চালানো হয়।
শনিবার সকালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ঘটনার বর্ণনা দেন সালমা আসিফ মিতু। তিনি বলেন, ‘আসিফ আমাকে এটুকু বলেছে, কে বাবা কারা আমার গাড়িতে গুলি করেছে।
আসিফ আকবর কাউকে সন্দেহ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তার স্ত্রী বলেন, ‘আমাদের কাছে সন্দেহজনক কেউ নেই। আমরা এই জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি। সন্দেহ করার মতো কোনো ঘটনা তো আসিফের সঙ্গে কখনো ঘটেওনি।
এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। বিশাল সেন্টারের সামনে পার্ক করা তার গাড়িটি লক্ষ্য করে ভোরের দিকে গুলি চালানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ের জায়গায় গাড়িটি রাখা ছিল। ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাতিরঝিল থানা-পুলিশ।
পুলিশ আরো জানতে পারে, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে ছিলেন। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।
তবে কে বা কারা গুলি চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।


