ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ভোট গণনা আজ সোমবার (৪ মে) সকাল ৮টায় শুরু হচ্ছে। এজন্য ৭৭টি গণনা কেন্দ্র খোলা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরুতে পোস্টাল ব্যালট গোনা হবে। তারপরে শুরু হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা।

 

 

এবার কে ক্ষমতায় আসছেন তা নিয়ে চলছে অনলাইনে আলোচনা। এই নিয়ে যুক্তরাষ্ট্রে কোটি কোটি টাকার বাজি ধরা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পশ্চিবঙ্গের টিভি৯বাংলা

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় প্রেডিকশন প্ল্যাটফর্ম ২৯ এপ্রিল পর্যন্ত প্রায় ৪৮ লাখ ডলারের (প্রায় ৪০ কোটি টাকা) বাজি ধরা হয়েছে। এই ডিজিটাল বাজারের সর্বশেষ ট্রেন্ড বলছে, জয়ের দৌড়ে সামান্য এগিয়ে রয়েছে বিজেপি।

ওই মার্কেটের পরিসংখ্যান বলছে, বিজেপির জয়ের সম্ভাবনা ৫৬ শতাংশ। তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা সেখানে ৪৩ শতাংশ। বাম-কংগ্রেস বা অন্যান্য দলগুলি সেখানে ১ শতাংশের নিচে রয়েছে।

 

ওই প্রেডিকশন প্ল্যাটফর্মে এপ্রিলের শুরুতে তৃণমূল অনেক এগিয়ে ছিল।

প্রায় ৭৫-৮০ শতাংশ। কিন্তু প্রথম দফা শেষে ছবিটা বদলে যায়, বিজেপি ৫৪ শতাংশ পেয়ে একেবারে ফেভারিট হয়ে ওঠে। এরইমধ্যে আবার ২৬-২৭ এপ্রিল হঠাৎ ৬ লাখ ডলারের বেশি তৃণমূলের পক্ষে জমা পড়ে। কিন্তু দ্বিতীয় দফার ভোটের পর বিজেপি পুনরায় ৫৬ শতাংশ নিয়ে শীর্ষে ফিরে আসে।  

 

বিজেপির জয়ের সম্ভাবনার ক্ষেত্রে শতাংশের বিচারে এগিয়ে থাকলেও লেনদেনের পরিমাণে তৃণমূল অনেক এগিয়ে।

তৃণমূলের পক্ষে লেনদেন হয়েছে প্রায় ১৮ লাখ ডলার, যেখানে বিজেপির পক্ষে ১১ লাখ ডলার। 

 

বিশ্লেষকদের মত, অনেক মানুষ তৃণমূলের হারের উপর বাজি ধরছেন। অন্যদিকে বড় বিনিয়োগকারীরা বিজেপির জয়ের উপর এককালীন মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন। এর ফলে বিজেপির জয়ের শতাংশ বেড়েছে।