ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন প্রসিকিউটররা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারী অত্যন্ত নাটকীয়ভাবে চার সেকেন্ডের মধ্যে নিরাপত্তাস্তর ভেদ করে বলরুমের দিকে ঢুকে পড়ে।
প্রকাশিত চার সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ৩১ বছর বয়সী বন্দুকধারী কোল টমাস অ্যালেন হোটেলের একটি দরজা দিয়ে বেরিয়ে এসে মেটাল ডিটেক্টর ভেদ করে দৌড়ে পালাচ্ছেন। তার পরনে থাকা লম্বা কালো কোটের নিচে একটি ১২-গেজ শটগান লুকানো ছিল।
তদন্তকারীরা জানিয়েছেন, হামলার আগের দিন অ্যালেন ওই হোটেলে চেক-ইন করেন এবং এলাকাটি পর্যবেক্ষণ করেন। তার কাছ থেকে একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান, একটি শটগান ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, একজন সিক্রেট সার্ভিস কর্মকর্তা সন্দেহভাজন অ্যালেনকে লক্ষ্য করে পাল্টা গুলি চালাচ্ছেন।
অভিযুক্ত কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা, এক রাজ্য থেকে অন্য রাজ্যে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র পরিবহন, সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং মামলার বিচার প্রক্রিয়া চলমান।


