যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনটি প্রধান মার্কিন সংবাদমাধ্যম—পলিটিকো, সিএনএন ও এমএস নাউকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দেওয়ার পর প্রতিষ্ঠানগুলোর সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে।
গতকাল শনিবার সকালে এমএস নাউয়ের এক প্রতিবেদক ও একজন আলোকচিত্রী হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে তাঁদের প্রেস ব্যাজ স্ক্যান হয়নি।
সিএনএন ও পলিটিকোও শনিবার সকালে জানায়, তাদের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাঁদের ব্যাজ জব্দ করা হয়েছে।
এর আগে গত শুক্রবার ট্রাম্প বলেন, তিনি তিনটি বড় সংবাদমাধ্যমকেই হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করছেন।
এমএস নাউয়ের প্রতিবেদক আকায়লা গার্ডনার বলেন, একজন কর্মকর্তা তাঁকে ব্যাজটি হস্তান্তর করতে বলেন এবং জানান, সেটি নিষ্ক্রিয় করা হয়েছে।
গার্ডনার বলেন, ‘আমি জানতে চেয়েছিলাম কেন আমি ভেতরে ঢুকতে পারছি না। তিনি বলেন, বিষয়টি তাঁর এখতিয়ারের বাইরে।
তিনি আরো জানান, তাঁর ও তাঁর সহকর্মীর ব্যাজ নিষ্ক্রিয় থাকলেও এমএস নাউয়ের একজন প্রযোজক নিজের ব্যাজ ব্যবহার করে হোয়াইট হাউসে প্রবেশ করতে পেরেছেন। তবে কেন ওই প্রযোজকের ব্যাজটি সচল ছিল, সে বিষয়ে তাঁকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সিএনএনের প্রতিবেদক বেটসি ক্লেইন বলেন, একজন সিক্রেট সার্ভিস কর্মকর্তা তাঁকে জানিয়েছেন যে তাঁর ব্যাজ নিষ্ক্রিয় করা হয়েছে।
পরে শনিবার সকালে পলিটিকো জানায়, তাদের প্রতিবেদক শেইন হাসলেটকেও হোয়াইট হাউসে ঢুকতে দেওয়া হয়নি এবং সিক্রেট সার্ভিস তাঁর প্রবেশপাস বাতিল করেছে।
তিনটি সংবাদমাধ্যমই ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে।


