পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং প্রায় ৩৫ জন আহত হয়েছে। হামলার পর ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে কাজ করার সময় একটি অ্যাম্বুলেন্সে গুলি চালিয়েছে বন্দুকধারীরা।

নিহত ও আহতদের বেশির ভাগই নিরাপত্তাকর্মী ও পথচারী বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি সড়কের পাশে পুলিশের চেকপোস্টে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে এ হামলা চালানো হয়। নিক্কেই এশিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 

 

প্রাদেশিক জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজী জানান, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে ওই হামলা চালানো হয়। 

ফাইজী জানান, হামলায় আহতদের কাছের একটি হাসপাতালে নেওয়ার সময় জরুরি সেবাকর্মীদের একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালায়। এতে একজন উদ্ধারকর্মী নিহত এবং আরো দুজন আহত হন। আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশুও রয়েছে।