যুক্তরাষ্ট্রে বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের পর নজিরবিহীনভাবে বেঁচে যাওয়া মার্কিন নারী ক্রিস্টা পাইকের (৫০) জ্ঞান ফিরেছে এবং তিনি কথা বলছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
বিবিসি জানিয়েছে, মৃত্যুদণ্ডচেষ্টা ব্যর্থ হওয়ার পর গুরুতর শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা পাইকের শারীরিক অবস্থায় এই উন্নতি দেখা গেছে।
বিশেষজ্ঞ ও অপরাধবিজ্ঞানীদের মতে, বিষাক্ত ওষুধ শরীরে প্রবেশের পরও কোনো আসামির জ্ঞান ফিরে পাওয়া এবং কথা বলতে পারার ঘটনা ইতিহাসে একেবারেই প্রথম ও চিকিৎসাগতভাবে অভূতপূর্ব। ফোর্ডহ্যাম ল স্কুলের অধ্যাপক ডেবোরা ডেনো জানান, পূর্বে কিছু আসামি ব্যর্থ মৃত্যুদণ্ড থেকে বাঁচলেও তাদের শরীরে ওষুধ প্রবেশ করানো সম্ভব হয়নি।
আইনজীবীরা জানান, পাইকের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া এখনো অনিশ্চিত এবং তাকে দীর্ঘ সময় হাসপাতালে কাটাতে হবে। এ ছাড়া ইনজেকশন দেওয়ার ফলে তার দুটি বাহু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পর টেনেসির গভর্নর রাজ্যের সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত ঘোষণা করেছেন।


