সুব্রত চৌধুরী,আটলান্টিক সিটি: আটলান্টিক সিটিতে ষোল সেপ্টেম্বর, বুধবার সকালে বিভিন্ন অলাভজনক ও কমিউনিটি সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন মেয়র মার্টি স্মল সিনিয়র। মেয়রের “দ্য ফিউচার ইস আওয়ারস উদ্বোধনী গালা” অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ এসব সংগঠনের মাঝে বিতরণ করা হয়।
সিটির হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে আয়োজিত অনুষ্ঠানে মেয়র মার্টি স্মল সিনিয়র গালা থেকে সংগৃহীত মোট অর্থের পরিমাণ ঘোষণা করেন। পরে বিএএসজে ও বিএএসিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মেয়র তাঁর ভাষণে কমিউনিটির পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল তাঁর বক্তব্যে অনুদানের অর্থ প্রদান করায় মেয়রকে আন্তরিক ধন্যবাদ জানান ।
এই অনুদান সংগঠনগুলোকে তাদের বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা এবং কমিউনিটির জন্য নতুন উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করবে। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কমিউনিটি সংগঠনের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


