যুক্তরাষ্ট্রের মিশিগানে ‘বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ’ এর উদ্যোগে পারিবারিক নৈশভোজ (ফ্যামিলি ডিনার) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট দীপক চৌধুরী ও অ্যাডভোকেট শফিউল আজম মাসুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন এবং গীতা পাঠ করেন হারান কান্তি সেন। এরপর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সভাপতিকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন অ্যাডভোকেট নাসিরুজ্জামান নাজিম ও অ্যাডভোকেট মইনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী আব্দুর রশিদ লাল মিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট রঞ্জিত ঘোষ, অ্যাডভোকেট মহাব্বত খান, অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী ও অ্যাডভোকেট গোলাম সরোয়ার মল্লিক। ফ্যামিলি ডিনার প্রস্তুতি উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কায়সার হাসান শিমন স্বাগত বক্তব্য দেন। এরপর অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রথম পর্ব শেষ হয়।
অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় পরিচিতি অনুষ্ঠান। এতে সংগঠনের সদস্যদের পরিবারবর্গকে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন সভাপতি এবং তাঁদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া লটারির মাধ্যমে তিনজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা রকমারি খাবারের সান্ধ্যকালীন নৈশভোজে অংশ নেন। একই সঙ্গে মিশিগানের জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ শাফি এবং সংগঠনের শিল্পী অ্যাডভোকেট সরোয়ার মল্লিক ও অ্যাডভোকেট বজলুর রহমানের মনোজ্ঞ পরিবেশনা উপভোগ করেন উপস্থিত সবাই।


