নিউইয়র্কভিত্তিক নাট্য সংগঠন ঢাকা ড্রামার তিন দশক পূর্তি উদযাপন উপলক্ষে গত ১৭ মে এক মতবিনিময় সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে তিরিশ বছর পূর্তি উদযাপন পরিষদের চেয়ারপার্সন গার্গী মুখার্জী স্বাগত বক্তব্য প্রদান করেন।

এসময় ঢাকা ড্রামার আর্টিস্টিক ডিরেক্টর গোলাম সারওয়ার হারুন এবং ডা. প্রতাপ দাস সংগঠনটির তিন দশকের গৌরবময় পথচলা ও অর্জনের কথা তুলে ধরেন। পাশাপাশি আয়োজন সফল করতে বিভিন্ন নাট্য সংগঠনের সার্বিক সহযোগিতা ও সম্পৃক্ততা কামনা করেন তারা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য টিটু গাজীসহ বসুনিয়া সুমন, প্রতিমা সুমি, শিরীন বকুল, ইখতিয়ার তামান্না, রিপন রহমান এবং মুনির হাসান ননী জানান, আগামী ১ আগস্ট শনিবার নিউইয়র্কের জামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে দিনব্যাপী এক নাট্যোৎসবের আয়োজন করতে যাচ্ছে ঢাকা ড্রামা। উৎসবে ছয়টি নাটক মঞ্চস্থ হবে। এতে অংশ নেবে স্বাগতিক দল ঢাকা ড্রামাসহ র‍্যাডিক্যাল এভিলিউশন, ইসিটিএ, বন্ড স্ট্রিট থিয়েটার, অন ডায়লগ এবং থিয়েটার ইন লাইফ।

এছাড়া বাংলাদেশ থিয়েটার আর্কাইভের পক্ষ থেকে বাংলাদেশ থেকে আগত অধ্যাপক আব্দুস সেলিম ও ড. বাবুল বিশ্বাস বাংলাদেশের ১০০টি নাটকের পোস্টার এবং প্রবাসের নির্বাচিত কিছু পোস্টার নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করবেন বলে জানানো হয়।

এছাড়া দিনব্যাপী এই উৎসবের সম্ভাব্য অতিথি তালিকায় রয়েছেন নিউইয়র্ক ইউনিভার্সিটির পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক প্রধান রিচার্ড শেকনার, নাট্যকার-পরিচালক-অভিনেতা মামুনুর রশীদ, ব্রডওয়ের জনপ্রিয় শো ‘দ্য লায়ন কিং’-এর অ্যাকশন ডিরেক্টর রিক সর্ডলে এবং বিশিষ্ট অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নাট্যপরিচালক সুমন মুখোপাধ্যায়। তিনি ঢাকা ড্রামার তিন দশক পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেন, সুদীপ্ত ভৌমিক রচিত ‘শিখন্ডী’ নাটক নিয়ে তিনি এ আয়োজনে অংশ নেবেন। তার উপস্থিতি অনুষ্ঠানটিতে বিশেষ মাত্রা যোগ করে।

নাট্য পরিচালক ও অভিনয়শিল্পী শামসুল আলম বকুল ঢাকা ড্রামার ত্রিশ বছর পূর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, তিনি সেলিনা শেলী রচিত ‘যমুনা’ নাটক নিয়ে উৎসবে অংশ নেবেন।
বিশিষ্ট লেখক আহমেদ মাজহার নিউইয়র্কের বাংলা নাটকের দর্শকদের ভূমিকার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব রোকেয়া রফিক বেবী, নাট্যকার রুমা মোদক, সীতেশ ধর, আবির আলমগির, শারমিন রেজা ইভাসহ আরও অনেকে। সবশেষে ঢাকা ড্রামার পক্ষ থেকে সমাপনী বক্তব্য রাখেন বাবর খাদেমী।