হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছেন রাজ্যটির গভর্নর ক্যাথি হোকুল। ২০২৫ সাল থেকে দেশটিতে এ রোগের প্রকোপ শুরু হওয়ার পর এবারই প্রথম কোনো অঙ্গরাজ্যে এমন কড়া পদক্ষেপ নেওয়া হলো।
নিউইয়র্কের নির্বাহী আদেশ অনুযায়ী, চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত রাজ্যে ১০৮ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ১৫ জুলাই থেকে ১৮টি গ্রামীণ কাউন্টিতেই ৯২ জনের সংক্রমণ শনাক্ত হয়, যা স্বাভাবিক বার্ষিক হারের চেয়ে অনেক বেশি।
আক্রান্তদের মধ্যে সাতজন নিউইয়র্ক সিটির এবং ১০১ জন রাজ্যের অন্যান্য গ্রামীণ অঞ্চলের বাসিন্দা।
এ ছাড়া প্রতিবেশী রাজ্য পেনসিলভানিয়াতেও পরিস্থিতি ভয়াবহ। সেখানে ২ অক্টোবর পর্যন্ত অন্তত ৯৭৭ জন আক্রান্ত এবং পাঁচজনের মৃত্যু হয়েছে, যার বড় অংশই নিউইয়র্ক সীমান্তবর্তী অঞ্চলে।
আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য মতে, প্রায় ৩,৯০০ জন আক্রান্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে ১৯৯১ সালের পর এটিই সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব। সোমবার (৫ অক্টোবর) থেকে চালু হওয়া এই জরুরি অবস্থা আগামী ৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।


