প্রযুক্তি জায়ান্ট আইবিএম তাদের কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের জন্য মার্কিন ওয়ার্ক ভিসা এবং গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিভাগটিতে বর্তমানে ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ কর্মরত।
খবর প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম

প্রযুক্তি জায়ান্ট আইবিএম তাদের কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের জন্য মার্কিন ওয়ার্ক ভিসা এবং গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিভাগটিতে বর্তমানে ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ কর্মরত।
আইবিএম তাদের কনসাল্টিং ব্যবসার অধিকাংশ পদের জন্য ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার পদক্ষেপ নেওয়ায় মার্কিন প্রযুক্তি খাতে কর্মরত হাজার হাজার ভারতীয় পেশাজীবী নতুন করে অনিশ্চয়তার মুখে পড়তে পারেন।
প্রযুক্তি জায়ান্টটি ক্ষতিগ্রস্ত কর্মীদের ২০২৬ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বাইরে থেকে কোম্পানির হয়ে কাজ চালিয়ে যাওয়া অথবা চাকরি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তটি আইবিএম-এর বৃহত্তম ব্যবসায়িক বিভাগ ‘আইবিএম কনসাল্টিং’-এর ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে বিশ্বজুড়ে ১ লাখ ৫০ হাজারের বেশি কর্মী রয়েছেন।
এই পদক্ষেপটি বিশেষ করে এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা কর্মীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেক বিদেশি পেশাজীবী তাদের ওয়ার্ক ভিসা স্পনসর করা এবং যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে সহায়তার জন্য নিয়োগকর্তাদের ওপর নির্ভর করেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্মীরা অন্য দেশে স্থানান্তরিত হতে চান কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন সপ্তাহ সময় পেয়েছেন।
আইবিএম এই সিদ্ধান্তের পেছনে পরিবর্তিত ব্যবসায়িক চাহিদা এবং দক্ষ কর্মীর সহজলভ্যতাকে কারণ হিসেবে দেখিয়েছে। আইবিএম-এর এক মুখপাত্র বলেন, মেধার ঘাটতি মেটাতে কোম্পানিটি মার্কিন উচ্চ-দক্ষতাসম্পন্ন ভিসা কর্মসূচি ব্যবহার করে আসছিল। তবে বেশ কয়েক বছর ধরে এসব কর্মসূচিতে তাদের অংশগ্রহণ কমে আসছিল।
মুখপাত্র বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই এই অংশগ্রহণ কমছে, এবং দক্ষতার সহজলভ্যতা ও ক্লায়েন্টের চাহিদা পরিবর্তিত হওয়ায় আমরা আইবিএম কনসাল্টিংয়ের অধিকাংশ পদের জন্য ভিসা এবং গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।
কনসাল্টিং ব্যবসাটি প্রবৃদ্ধি ধরে রাখার ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়েছে। রেড হ্যাট, হ্যাশিকর্প এবং কনফ্লুয়েন্টের মতো প্রতিষ্ঠান অধিগ্রহণের মাধ্যমে আইবিএম নিজেকে একটি সফটওয়্যার-কেন্দ্রিক কোম্পানি হিসেবে গড়ে তুললেও, ২০২৪ সাল থেকে এর কনসাল্টিং বিভাগের পারফরম্যান্স মূলত স্থবির হয়ে আছে।
যারা আইবিএম-এর সাথে কাজ চালিয়ে যেতে চান, তাদের জন্য অন্য কোনো দেশে চলে যাওয়া একটি বিকল্প। এই স্থানান্তরের ক্ষেত্রে ভারত একটি প্রধান গন্তব্য হিসেবে আবির্ভূত হতে পারে।
‘রেস্ট অব ওয়ার্ল্ড’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর আইবিএম-এর ক্যারিয়ার পোর্টালে যুক্তরাষ্ট্রের বাইরে ১ হাজার ২৭৮টি কনসাল্টিং শূন্যপদের তালিকা ছিল। এর মধ্যে ১ হাজার ১২৫টি পদই ছিল ভারতে। সিঙ্গাপুরে ২৩টি এবং যুক্তরাজ্যে ১৮টি শূন্যপদ ছিল। কোম্পানিটি যুক্তরাষ্ট্রেও ৮৯টি কনসাল্টিং শূন্যপদের তালিকা প্রকাশ করেছে। আমেরিকার বাইরে আইবিএমের সঙ্গে ক্যারিয়ার চালিয়ে যেতে ইচ্ছুক কিছু কর্মীর জন্য এই শূন্যপদগুলো সুযোগ তৈরি করতে পারে। তবে ক্ষতিগ্রস্ত কতজন কর্মীকে বিদেশের পদের প্রস্তাব দেওয়া হবে বা প্রাপ্ত চাকরিগুলো তাদের বর্তমান পদ ও বেতনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কি না, তা কোম্পানি নিশ্চিত করেনি। যেসব কর্মী বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে তাদের জীবন গড়ে তুলেছেন, তাদের জন্য অন্য দেশে স্থানান্তরের অর্থ হতে পারে বেতন, জীবনযাত্রার ব্যবস্থা এবং পারিবারিক দায়বদ্ধতায় বড় ধরনের পরিবর্তন।
আইবিএম-এর এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন মার্কিন প্রশাসন কর্মসংস্থান-ভিত্তিক অভিবাসন কর্মসূচিগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে। এইচ-১বি ভিসা কর্মসূচি আমেরিকান কোম্পানিগুলোকে বিশেষায়িত কাজের জন্য বিদেশি পেশাজীবী নিয়োগের সুযোগ দেয়। ভারতীয় প্রযুক্তি কর্মীরা এর অন্যতম বৃহত্তম সুবিধাভোগী। তবে ট্রাম্প প্রশাসন এই কর্মসূচিটিকে আরও কঠোর করার পদক্ষেপ নিয়েছে। এর পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে—নির্দিষ্ট কিছু নতুন এইচ-১বি আবেদনের জন্য প্রস্তাবিত ১ লাখ ডলার ফি এবং ভিসা নির্বাচন প্রক্রিয়ায় এমন পরিবর্তন আনা, যাতে উচ্চ বেতনের পদগুলো বেশি গুরুত্ব পায়। কর্মসংস্থান-ভিত্তিক অভিবাসন কর্মসূচির কথিত অপব্যবহারের অভিযোগে কোম্পানিগুলোর বিরুদ্ধেও প্রশাসন ব্যবস্থা জোরদার করেছে। গত মাসে মাইক্রোসফট, অ্যাডোবি এবং কগনিজ্যান্ট, ইনফোসিস ও টাটা কনসালটেন্সি সার্ভিসেসসহ বেশ কয়েকটি প্রযুক্তি আউটসোর্সিং কোম্পানি ‘পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন’ কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধের মুখে পড়েছে; যা কর্মসংস্থান-ভিত্তিক গ্রিন কার্ড প্রত্যাশী বিদেশি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে যে, তাদের ক্যারিয়ার নিয়োগকর্তা-স্পনসরকৃত ভিসার ওপর কতটা নির্ভরশীল।
ইনক্রুইটারের প্রতিষ্ঠাতা ও সিইও অনিল আগরওয়াল বলেন, আইবিএমের এই পদক্ষেপ পুরো প্রযুক্তি শিল্পে ঘটে চলা বৃহত্তর পরিবর্তনের প্রতিফলন। তিনি বলেন, ‘আইবিএম-এর এই পদক্ষেপ প্রযুক্তি খাতের ভেতরের বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত দেয়। পরিবর্তিত ভোক্তা চাহিদা, শ্রমবাজার এবং কোম্পানির লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্য রেখে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনছে। যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয়দের জন্য এর বিশেষ প্রভাব রয়েছে, কারণ তাঁদের অনেকেই কোম্পানির ভিসা সুবিধার ওপর নির্ভর করেন।’
আগরওয়াল আরো বলেন, কোম্পানিগুলো তাদের নিয়োগের চাহিদা পরিবর্তন করায় পেশাজীবীদের এমন দক্ষতার ওপর মনোযোগ দিতে হবে যা সবসময় প্রাসঙ্গিক থাকে।
তিনি বলেন, ‘তবুও, আমি মনে করি স্থানান্তরযোগ্য দক্ষতা গড়ে তোলার ওপর জোর দেওয়া উচিত। এআই এবং অটোমেশন উভয়ের ফলেই নতুন প্রযুক্তি সম্পর্কিত দক্ষতা, বিশ্লেষণত্মাক ও সমস্যা সমাধানের সক্ষমতা এবং ব্যবসায়িক ফলাফল এনে দেওয়ার ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি মূল্যায়িত হবে।’
আগরওয়াল আরো যোগ করেন, নিয়োগের ধরনে পরিবর্তন এলেও বিশ্বব্যাপী দক্ষ পেশাজীবীদের চাহিদা কমবে না। তিনি বলেন, ‘কোম্পানিগুলো তাদের ভৌগোলিক নিয়োগের কেন্দ্রবিন্দু পরিবর্তন করলেও, উচ্চ মেধাসম্পন্ন ব্যক্তিদের চাহিদা বিশ্বজুড়ে সম্ভবত অটুট থাকবে।’