NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
Logo
logo

ইউক্রেনের বৃহত্তম মোবাইল অপারেটরের সদর দপ্তরে রুশ হামলা


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম

ইউক্রেনের বৃহত্তম মোবাইল অপারেটরের সদর দপ্তরে রুশ হামলা

ইউক্রেনের বৃহত্তম মোবাইলসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিয়েভস্টারের সদর দপ্তরে হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

একই দিনে দেশটির বিভিন্ন ডেটা সেন্টার ও যোগাযোগ অবকাঠামোতেও হামলার খবর পাওয়া গেছে।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভস্টার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, রাজধানী কিয়েভে তাদের প্রধান কার্যালয়ে হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর ভোডাফোন ইউক্রেনের একটি ডেটা সেন্টারেও হামলা চালানো হয়েছে।

তবে এ বিষয়ে ভোডাফোন ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রবিবার সকালে কিয়েভের একটি ডেটা সেন্টারে দুই দফা হামলা চালানো হয়। এতে দুই শিশু ও একজন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন বলে তিনি জানান।

ইউক্রেনের ডিজিটাল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশটির ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ডেটা সেন্টারেও হামলা হয়েছে।

এসব হামলার কারণে কিয়েভ ও আশপাশের এলাকায় প্রায় এক লাখ পরিবারের ইন্টারনেট ও যোগাযোগ সেবা ব্যাহত হয়েছে।

 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ ডেটা সেন্টারগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তার দাবি, এর উদ্দেশ্য তথ্যপ্রবাহ ব্যাহত করা। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে দ্রুত সতর্কবার্তা দেওয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের মধ্যে সাম্প্রতিক সময়ে যোগাযোগ অবকাঠামো ও ডেটা সেন্টারগুলোতে হামলার ঘটনা নতুন করে সামনে এসেছে।