Shibbir Ahmed প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ পিএম

শিব্বীর আহমেদ, নিউইয়র্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর হচ্ছে নিউইয়র্কে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বুধবার এ চুক্তি স্বাক্ষরের আয়োজন করা হয়েছে।
চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি বোয়িং ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে অভিনন্দন জানিয়ে বলেন, আরও ১১টি বাণিজ্যিক উড়োজাহাজ কেনার এই উদ্যোগ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য আরেকটি পারস্পরিক লাভজনক অর্জন। নিউইয়র্কে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখার অপেক্ষায় থাকার কথাও জানান তিনি।
নতুন ১১টি উড়োজাহাজের চুক্তিটি গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে করা ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির অতিরিক্ত। ওই চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮। নতুন ১১টি উড়োজাহাজ যুক্ত হলে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়াবে ২৫টি। তবে অতিরিক্ত ১১টি উড়োজাহাজের নির্দিষ্ট মডেল, মোট মূল্য, অর্থায়ন কাঠামো এবং সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের পরিকল্পনার অংশ হিসেবে নতুন উড়োজাহাজ সংগ্রহ করা হচ্ছে। একই সময়ে বিমান আরও ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার একটি পৃথক প্রস্তাবও বিবেচনা করছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, অতিরিক্ত উড়োজাহাজ কেনার পরিকল্পনা বিমান চলাচল খাতের চাহিদা ও বহর সম্প্রসারণের প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত। নতুন উড়োজাহাজের মাধ্যমে আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রীসেবা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।