NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের ‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড় এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি
Logo
logo

উত্তর আমেরিকা সফরে বিটিএসের রেকর্ড


খবর   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

উত্তর আমেরিকা সফরে বিটিএসের রেকর্ড

রেকর্ড গড়ে উত্তর আমেরিকা সফর শেষ করেছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। বহুল আলোচিত ‘আরিরাং’ ট্যুরের উত্তর আমেরিকা পর্বে ১২টি শহরে ৩১টি কনসার্ট করেছে দলটি।

প্রতিটি কনসার্টের সব টিকিট আগেই বিক্রি হয়ে যায়। পুরো সফরে প্রায় ১৯ লাখ ২০ হাজার দর্শক বিটিএসের পারফরম্যান্স উপভোগ করেছেন।

 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা থেকে শুরু হওয়া এই সফল সফরের শেষ গন্তব্য ছিল লস অ্যাঞ্জেলেস। সেখানে ১, ২, ৫ ও ৬ সেপ্টেম্বর সোফাই স্টেডিয়ামে আয়োজিত শেষ চারটি কনসার্টে উপস্থিত ছিলেন প্রায় ২ লাখ ৮২ হাজার দর্শক।

 

সোফাই স্টেডিয়ামেও নতুন ইতিহাস তৈরি করেছে বিটিএস। ২০২১ সালের ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরের চারটি কনসার্টসহ এই স্টেডিয়ামে এখন পর্যন্ত মোট আটটি কনসার্ট করেছে দলটি। কোনো সংগীত দলের জন্য এটিই স্টেডিয়ামটিতে সর্বোচ্চসংখ্যক কনসার্টের রেকর্ড।

শুধু কনসার্টের সংখ্যাই নয়, দর্শক উপস্থিতিতেও রেকর্ড গড়েছে বিটিএস।

আটটি আয়োজনে দলটির মোট দর্শকসংখ্যা প্রায় ৪ লাখ ৯৬ হাজার, যা সোফাই স্টেডিয়ামের ইতিহাসে কোনো সংগীত দলের সর্বোচ্চ দর্শক উপস্থিতি।

 

উত্তর আমেরিকা সফরে কনসার্টের পাশাপাশি স্থানীয় প্রশাসনের কাছ থেকেও বিশেষ স্বীকৃতি পেয়েছে বিটিএস। লস অ্যাঞ্জেলেসে ১ থেকে ৮ সেপ্টেম্বর ঘোষণা করা হয় ‘বিটিএস সপ্তাহ’। টরন্টোতে ২২ ও ২৩ আগস্ট পালিত হয় ‘বিটিএস উইকেন্ড’। এ সময় ইয়ং স্ট্রিটের একটি অংশের নাম সাময়িকভাবে রাখা হয় ‘বিটিএস বুলেভার্ড’।

 

শিকাগোতে বিটিএসের কনসার্ট উপলক্ষে ইলিনয় অঙ্গরাজ্য ২৭ ও ২৮ আগস্টকে ঘোষণা করে ‘বিটিএস ডে ইন ইলিনয়’। অন্যদিকে টেক্সাসের এল পাসোতে ২ ও ৩ মে পালিত হয় ‘এল পাসো বিটিএস উইকেন্ড’।

শহরটির পর্যটন ও আন্তর্জাতিক পরিচিতিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিটিএসকে দেওয়া হয় ‘এস্তিমাদো আমিগো’ বা ‘প্রিয় বন্ধু’ সম্মাননা।

মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরও ভিডিও বার্তার মাধ্যমে বিটিএসকে স্বাগত জানান। তিনি বলেন, সাত সদস্যের এই দল সংস্কৃতি, ভৌগোলিক দূরত্ব ও ভাষার সীমা পেরিয়ে মানুষকে একত্র করছে।

এদিকে মেক্সিকো সিটিতে কনসার্ট চলাকালে বিটিএসকে দেশটির জাতীয় প্রাসাদে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। দলটিকে স্বাগত জানাতে প্রাসাদের বাইরে জড়ো হন প্রায় ৫০ হাজার ভক্ত।

লস অ্যাঞ্জেলেসের শেষ পর্বের কনসার্টে জাংকুক ও আরএমের জন্মদিনও উদ্‌যাপন করেছেন ভক্তরা। জাংকুকের জন্মদিন ১ সেপ্টেম্বর, আর আরএমের ১২ সেপ্টেম্বর। হাজারো ভক্ত জন্মদিনের গান গেয়ে তাঁদের শুভেচ্ছা জানান।

এ সময় স্টেডিয়ামজুড়ে জ্বলে ওঠে সোনালি ও নীল আলো। জাংকুকের একক অ্যালবাম ‘গোল্ডেন’ এবং আরএমের ‘ইন্ডিগো’র সঙ্গে মিল রেখে বেছে নেওয়া হয়েছিল এই দুই রং।

শেষ কনসার্টে জে-হোপ বলেন, টাম্পায় সফর শুরুর দিনটি যেন এই সেদিনের ঘটনা। দীর্ঘদিন ধরে উত্তর আমেরিকা সফরের অপেক্ষায় ছিলেন তাঁরা। আনন্দের কারণে সময় খুব দ্রুত কেটে গেছে বলেও জানান তিনি।

উত্তর আমেরিকার সফল পর্ব শেষ করে এবার দক্ষিণ আমেরিকার পথে পা রাখবে বিটিএস। ২ ও ৩ অক্টোবর কলম্বিয়ার বোগোতায় কনসার্টের মধ্য দিয়ে শুরু হবে এই পর্ব। এরপর লিমা, সান্তিয়াগো, বুয়েনস এইরেস ও সাও পাওলোতে পারফর্ম করবে দলটি।

কলম্বিয়া, পেরু ও আর্জেন্টিনায় এবারই প্রথম পূর্ণাঙ্গ দল হিসেবে কনসার্ট করবে বিটিএস।