NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
Logo
logo

বাংলাদেশিদের নেতৃত্বে নিউইয়র্কে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

বাংলাদেশিদের নেতৃত্বে নিউইয়র্কে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসীদের ঐক্য, সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা তুলে ধরতে গত ৯ আগস্ট এ আয়োজন করা হয়। এদিন সকাল ১১টা থেকে জ্যাকসন হাইটসের ৫৯  স্ট্রিট থেকে শুরু হয়ে দুপুর ১টায় ৮৬ স্ট্রিটে গিয়ে শেষ হয় এই প্যারেড। এ সময় পুরো পথজুড়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দক্ষিণ এশীয় কমিউনিটির মানুষসহ বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা ও আমেরিকান করতালি দিয়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।

এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের অভিবাসীরা নিজ নিজ দেশের পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। ঘোড়ার পিঠে পুলিশের উপস্থিতি এবং নিউইয়র্ক পুলিশ বিভাগের ব্যান্ডের তালে বিভিন্ন দেশের পতাকা ও বর্ণিল ফেস্টুনে সাজানো গাড়ির বহর এগিয়ে যায়।

প্যারেডের গ্র্যান্ড মার্শাল ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহনেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন কণ্ঠশিল্পী রানো আমেনা নেওয়াজ। উদ্বোধনী অনুষ্ঠানে গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ বলেন, বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড আয়োজন কমিউনিটির জন্য একটি ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত। দলমত ও ভেদাভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই আয়োজনে অংশ নিয়েছেন। এই আয়োজনের মাধ্যমে দক্ষিণ এশীয় কমিউনিটির ঐক্য, সম্প্রীতি ও শক্তিকে বৃহত্তর পরিসরে তুলে ধরা সম্ভব হয়েছে।

আয়োজকেরা জানান, নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন আরও জোরদার করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশিদের নেতৃত্বে প্রথমবারের মতো আয়োজিত এই প্যারেডে বিভিন্ন দেশের মানুষের অংশগ্রহণ নিউইয়র্কের বহুসাংস্কৃতিক সমাজে দক্ষিণ এশীয় কমিউনিটির বৈচিত্র্য ও ঐক্যের চিত্র তুলে ধরে।

প্যারেড এক্সিকিউটিভ কমিটির চিফ কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন শাহ শহীদুল হক এবং কনভেনার হিসেবে দায়িত্বে ছিলেন মহিউদ্দিন দেওয়ান। এতে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান, কুইন্স ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ ও গেস্ট অব অনার অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, ট্রাস্টি বোর্ডের সদস্য আহসান হাবিব, আজহারুল হক মিলন ও নাঈম টুটুলসহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।