NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী গ্রেফতার


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ার তেরেঙ্গানুতে পৃথক দুই অভিযানে বাংলাদেশিসহ ৫৬ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন। রাজ্যের পাঁচটি জেলায় চালানো এসব অভিযানে বেশিরভাগই নির্মাণ শ্রমিক ছিলেন।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নোর জানান, প্রথম অভিযানে কুয়ালানেরুস, কুয়ালাতেরেঙ্গানু এবং সেতিউ জেলার সাতটি নির্মাণসাইটে তল্লাশি চালিয়ে ৪২ জন বাংলাদেশি ধরা পড়ে। অভিযানটি বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হয়, যেখানে মোট ৯২ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ৪২ জনের ভিসা ও ডকুমেন্টেশনে বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া যায়।

ইমিগ্রেশন আইন ১৯৫২/৬৩ অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হচ্ছে।

২৭ জনকে পারমিট বা ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে, ১৩ জনকে বৈধ ভ্রমণ নথি না থাকায় এবং আরও দুইজনকে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 

 

 

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এ ছাড়া দ্বিতীয় অভিযানে কুয়ালাতেরেঙ্গানু, মারাং ও দুঙ্গুন জেলার ১০টি স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে আরও ১৪ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ—প্রতিটি দেশ থেকে পাঁচজন করে, থাইল্যান্ডের তিনজন এবং মিয়ানমারের একজন রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।