NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত যে ২২ জনের মৃত্যুদণ্ড ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট কলম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে মিথ্যা শনাক্তকরণ পরীক্ষায় বসানোর অভিযোগ কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ইরান যুদ্ধ নিয়ে হেগসেথের অভিশংসন চাইলেন রিপাবলিকান আইনপ্রণেতা ক্রিপ্টোকারেন্সি বিল আটকে দিল মার্কিন সিনেট ইসরায়েলকে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
Logo
logo

ছাগলের নাম ‘টাইগার’, দাম হাঁকাচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা


খবর   প্রকাশিত:  ০৫ জুন, ২০২৫, ১০:০৬ পিএম

ছাগলের নাম ‘টাইগার’, দাম হাঁকাচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা

দুটি বিশাল লম্বা কান। সাদা-কালো রঙের মিশ্রণে মাথা। গলার ঠিক নিচে কালো গোলাকারের বৃত্ত। দেহের বাকি অংশটি সাদা। সেই সাদা অংশের বিভিন্ন জায়গায় মেহেদি দিয়ে সুন্দর রং করা হয়েছে। পা চারটির রং সাদা-কালোর মিশ্রণ। এটি একটি ছাগল। ছোটখাটো গরুর আকারের এই ছাগলের নাম ‘টাইগার’। ঈদুল আজহা উপলক্ষে নওগাঁ থেকে ঢাকার ভাটারা ১০০ ফিট পশুর হাটে ছাগলটি নিয়ে এসেছেন সুলতান মাহমুদ। ১০০ কেজি ওজনের ছাগলটির দাম হাঁকানো হচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ জুন) ভাটারা ১০০ ফিট পশুর হাটে গিয়ে দেখা যায়, উৎসুক জনতা ছাগলটি ঘিরে ধরেছেন। অনেকেই ছাগলটির পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন ও ভিডিও করছেন। আবার কেউ কেউ হাসি-ঠাট্টা করে বলছেন- ‘ছাগল মতিউর’র থেকেও এটি বড় ছাগল।

হাটে আসা উৎসুক জনতা মোবাইলে ছবি ও ভিডিও ধারণ এবং হাসি-ঠাট্টা করলেও ছাগলের মালিক সুলতাম মাহমুদের মুখে দেখা গেলো চিন্তার ভাঁজ। হাটে তিনি ছাগলটি নিয়ে এসেছেন এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এখনো বিক্রি করতে পারেননি।

ছাগলের নাম ‘টাইগার’, দাম হাঁকাচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা

 

প্রথম দিকে কয়েকজন ছাগলটির দাম ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত দিতে চেয়েছিলেন। কিন্তু সেই দাম পছন্দ না হওয়ায় বিক্রি করেননি সুলতান মাহমুদ। তিনি আশা করেছিলেন ছাগলটি দেড় লাখ টাকায় বিক্রি করতে পারবেন। কিন্তু বুধ ও বৃহস্পতিবার (৪-৫ জুন) আর কেউ ছালগটির দাম বলেননি। এখন ১ লাখ ৩০ হাজার টাকা পেলেই ছাগলটি বিক্রি করে দিতে চান তিনি।

সুলতান মাহমুদ বলেন, এটি আমার ঘরের ছাগল। তিন বছর ধরে লালন-পালন করেছি। ভালো দাম পাবো এই আশায় ঢাকায় নিয়ে এসেছি। গত বৃহস্পতিবার (২৯ মে) এই হাটে এসেছি। আমি ছাগলটির দাম চাচ্ছি ১ লাখ ৭০ হাজার টাকা। প্রথম দিকে বেশ কয়েকজন ১ লাখ ২০ টাকা দাম বলেছিলেন। ওই সময় ভেবেছিলাম দেড় লাখ টাকার ওপর বিক্রি করতে পারবো। তাই বিক্রি করিনি। কিন্তু দুদিন ধরে কেউ দাম বলছেন না। সবাই ঘুরে ঘুরে দেখে, দাম শুনে চলে যাচ্ছেন। কেউ কেউ ছবি তুলে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, আমাদের বাড়িতে একটি ধাড়ি ছাগল (মেয়ে ছাগল) ছিল। সেই ছাগলের বাচ্চা এটি। অনেক আদর-যত্নে এটি বাড়িতে লালন-পালন করেছি। শখ করে নাম দিয়েছি ‘টাইগার’। যাতে টাইগারের মতো দেখায় এজন্য বিভিন্ন অংশে মেহেদি দিয়েছি। ভুট্টা, অ্যাংকর ডাল, ভুসি খায় এই ছাগল। লাইভ ওজন মেপে দেখেছি প্রায় ১০০ কেজি হয়েছে।

 

ছাগলের নাম ‘টাইগার’, দাম হাঁকাচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা

এক সপ্তাহেও বিক্রি করতে পারেননি এখন কী করবেন, কত দাম হলে বিক্রি করবেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রথম দিকে বিক্রি না করে মনে হচ্ছে ভুলই করেছি। প্রথম দিকে অনেকেই ১ লাখ ২০ হাজার টাকা দাম বলেছিলেন। তারা হয়তো ১ লাখ ৩০ হাজার টাকা হলে নিতেন। কিন্তু আমি ভেবেছিলাম দেড় লাখ টাকার ওপর দাম পাবো। কিন্তু এখন তো সেই দামও পাচ্ছি না। এখন ১ লাখ ৩০ হাজার টাকা হলে বিক্রি করবো।

ছাগলটি দেখে ছবি তোলা জুয়েল রানা নামের একজন বলেন, ছাগল হলেও এটি প্রায় গরুর সমান। এত বড় ছাগল আমি আগে কখনো দেখিনি। তাই শখ করে ছাগলটির সঙ্গে কিছু ছবি তুলে রাখলাম। বন্ধুদের গিয়ে দেখাবো।