পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন আন্ত সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে রোহিঙ্গা সংকটের কারণে সৃষ্ট ‘অসহনীয় পরিস্থিতির’ কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে সংসদীয় উদ্যোগ আরো জোরদারের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ অব্যাহত রাখা এবং তাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে বৈশ্বিক সংসদীয় উদ্যোগ প্রয়োজন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আইপিইউ মহাসচিবকে অবহিত করেন। তিনি অন্তর্ভুক্তিমূলক শাসন ও জবাবদিহির প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

বৈঠকে বিশেষ করে নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি, ভুল তথ্য ও অপতথ্য ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে সংসদীয় সহযোগিতা আরো জোরদারের আহ্বান জানান শামা ওবায়েদ।

আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে বর্তমান সরকারের নেওয়া উদ্যোগকে স্বাগত জানান। বাংলাদেশ ও আইপিইউর মধ্যে সহযোগিতা আরো গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ ক্ষেত্রে সংসদীয় বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গণতান্ত্রিক চর্চাকে আরো এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

এ সময় আন্দা ফিলিপকে আইপিইউর ১৩ দশকের ইতিহাসে প্রথম নারী মহাসচিব নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান শামা ওবায়েদ। তিনি সংসদীয় গণতন্ত্র, শান্তি, মানবাধিকার ও আন্ত সংসদীয় সহযোগিতা প্রতিষ্ঠায় আইপিইউর দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন।