বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫টি কোম্পানির প্রতিনিধিরা। আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষের অভিন্ন আগ্রহের বিষয় পুনর্ব্যক্ত হয়।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকায় সফররত মার্কিন-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন শামা ওবায়েদ ইসলাম। সেখানে বাংলাদেশি ব্যবসায়ী নেতা ও মার্কিন প্রতিনিধিরা বাণিজ্য, বিনিয়োগ এবং বাংলাদেশে ব্যবসা পরিচালনার সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

মধ্যাহ্নভোজে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্কিন প্রতিনিধিদলকে স্বাগত জানান। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ধারাবাহিক যোগাযোগ ও সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন তিনি।

 

আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের বিস্তৃত ক্ষেত্র উঠে আসে। জ্বালানি ও প্রযুক্তির পাশাপাশি ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্যসেবা, কৃষি এবং আর্থিক সেবার মতো খাতে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন দুই দেশের ব্যবসায়ীরা।

এর আগে আজ মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে দুই ঘণ্টার বৈঠক করে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

সেখানে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

৪৫ সদস্যের মার্কিন প্রতিনিধিদলটি ১১ থেকে ১৩ আগস্ট ঢাকা সফর করছে। এতে জ্বালানি, প্রযুক্তি, আর্থিক সেবা, স্বাস্থ্যসেবা ও কৃষিসহ বিভিন্ন খাতের ২৫টি শীর্ষস্থানীয় মার্কিন কোম্পানির প্রতিনিধিরা রয়েছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরো গভীর করার সুযোগ খুঁজে বের করাই তাদের সফরের অন্যতম উদ্দেশ্য।

মধ্যাহ্নভোজে এক্সিলারেট এনার্জির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা এবং প্রতিনিধিদলের মিশন লিড অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ সহসভাপতি রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপসহ ইউএসবিবিসির অন্য প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশের সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।

 

মধ্যাহ্নভোজের শেষে এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হাস এবং রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ বক্তব্য দেন ও ধন্যবাদ জানান। তারা বাংলাদেশের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন এবং বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে অর্থবহ আলোচনার সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।