যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার তিনদিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে আসছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানায়।
অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের নৌবাহিনীর একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। এ সফর এ অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বকে তুলে ধরছে। একই সঙ্গে এটি ওয়াশিংটন ও ঢাকার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের মাত্র তিনদিন পর মার্কিন নৌবাহিনীর শীর্ষ এ কর্মকর্তা সফরে আসছেন।
অ্যাডমিরাল স্টিফেন কোহলার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন অভিজ্ঞ যুদ্ধবিমানচালক ও কৌশলগত সামরিক নেতা। দীর্ঘ প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি যুদ্ধবিমান পরিচালনা থেকে শুরু করে বিমানবাহী রণতরীর নেতৃত্ব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে দায়িত্ব পালন করেছেন।
নৌবাহিনীর একটি পরিবারে বেড়ে ওঠা কোহলার ১৯৮৬ সালে ইউনিভার্সিটি অব কলোরাডো, বোল্ডার থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১৯৮৯ সালের মার্চে নৌবাহিনীর বিমানচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি এফ-১৪ টমক্যাট ও এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানে ৩ হাজার ৯০০ ঘণ্টার বেশি উড্ডয়ন করেছেন। এ ছাড়া বিমানবাহী রণতরীতে ৬০০টির বেশি সফল অবতরণের অভিজ্ঞতা রয়েছে তার।


